টেকসিঁড়ি রিপোর্ট : ই – কমার্স জায়ান্ট অ্যামাজন ব্রাজিলে তাদের অতি দ্রুত ডেলিভারি সেবা ‘অ্যামাজন নাউ’ চালু করেছে। এই সেবার মাধ্যমে গ্রাহকরা নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি এবং জরুরি পণ্য মাত্র ১৫ মিনিটের মধ্যে হাতে পাবেন।
মঙ্গলবার ,৩ মার্চ, ২০২৬ অ্যামাজন ব্রাজিলের শপিং এক্সপেরিয়েন্স ডিরেক্টর ফার্নান্দা গ্রুমাখ এই নতুন সেবার আনুষ্ঠানিক ঘোষণা দেন। লাতিন আমেরিকার বাজারে দ্রুততম ডেলিভারি নিশ্চিত করতে এটি আমাজনের একটি বড় পদক্ষেপ।
অ্যামাজন জানিয়েছে, আগামী ৯ মার্চের মধ্যে পর্যায়ক্রমে ব্রাজিলের আরও ৭টি বড় শহরে এই সেবাটি চালু করা হবে। বর্তমানে কুইক-কমার্স প্ল্যাটফর্ম যেমন উবার ইটস বা ডোরড্যাশ এর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং গ্রাহকদের দোরগোড়ায় দ্রুত পণ্য পৌঁছে দিতেই আমাজন এই বিশেষ সেবাটি নিয়ে এসেছে।
এই অতি-দ্রুত সেবা নিশ্চিত করতে আমাজন ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ছোট ছোট ‘মাইক্রো ফুলফিলমেন্ট সেন্টার’ বা মিনি গুদাম স্থাপন করেছে, যেখান থেকে দ্রুত পণ্য সরবরাহ করা সম্ভব।
অ্যামাজন নাউ সেবার মাধ্যমে চাল, ডাল, দুধ, ডিমের মতো গ্রোসারি পণ্য এবং দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র অর্ডারের মাত্র ১৫ মিনিটের মধ্যে ডেলিভারি দেওয়া হবে। এই সেবাটি প্রাথমিকভাবে ব্রাজিলের সবচেয়ে বড় শহর সাও পাওলোতে শুরু করা হয়েছে।


