টেকসিঁড়ি রিপোর্টঃ প্রযুক্তি জগতের অন্যতম বড় দুই জায়ান্ট আমাজন এবং উবার তাদের ক্লাউড পার্টনারশিপের পরিধি আরও বাড়িয়েছে। নতুন এই চুক্তির অধীনে উবার এখন থেকে আমাজন ওয়েব সার্ভিসেস (AWS) এর নিজস্ব Graviton প্রসেসরের ব্যবহার বৃদ্ধি করবে। তবে সবচেয়ে বড় চমক হচ্ছে, উবার এখন আমাজনের নিজস্ব এআই চিপ ‘Trainium3’-এর ট্রায়াল শুরু করতে যাচ্ছে, যা সরাসরি এনভিডিয়া (NVIDIA)-এর বাজারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে।
২০২৩ সালে উবার তাদের ডেটা সেন্টারের অধিকাংশ কার্যক্রম ওরাকল (Oracle) এবং গুগল ক্লাউডে স্থানান্তরের ঘোষণা দিয়েছিল। সেই সময় উবার বিশেষভাবে ওরাকলের ক্লাউডে ‘অ্যাম্পিয়ার এআরএম’ (Ampere ARM) চিপ ব্যবহারের কথা উল্লেখ করেছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে উবারের এই আমাজনমুখী হওয়া বেশ কৌতুহলী করে তুলেছে টেক বিশেষজ্ঞদের।
উল্লেখ্য যে গত ডিসেম্বরে সফটব্যাঙ্ক গ্রুপ অ্যাম্পিয়ার কিনে নেয় এবং ওরাকল তাদের শেয়ার বিক্রি করে ২.৭ বিলিয়ন ডলার লাভ করেছে। যে কারণে ওরাকল এখন ওপেনএআই (OpenAI) এবং তাদের বিশাল ‘স্টারগেট’ ডেটা সেন্টার প্রজেক্টের জন্য এনভিডিয়া চিপের দিকে বেশি মনোযোগ দিচ্ছে।
তবে হ্যা, বর্তমান প্রেক্ষাপটে উবার একা নয়, বরং Anthropic, OpenAI এবং Apple-এর মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও এখন আমাজনের নিজস্ব প্রসেসর বা সিলিকন প্রযুক্তির ওপর আস্থা রাখছে। এর মাধ্যমে আমাজন ক্লাউড দুনিয়ায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে। আমাজনের সিইও অ্যান্ডি জেসি (Andy Jassy) নিশ্চিত করেছেন যে, গত ডিসেম্বর নাগাদ তাদের এই Trainium চিপ থেকে আয় ইতিমধ্যে মাল্টি-বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে।


