টেকসিঁড়ি রিপোর্টঃ মহাকাশ রোবোটিক্স ও প্রকৌশল বিদ্যায় এক অনন্য মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (URC) ২০২৬-এর চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের দল। বিশ্বের সেরা ৩৮টি ফাইনালিস্ট দলের তালিকায় স্থান পেয়ে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে।
এবারের প্রতিযোগিতায় ১৮টি দেশের মোট ১১৬টি দল অংশগ্রহণ করেছিল। কঠোর ‘সিস্টেম অ্যাকসেপ্টেন্স রিভিউ’, প্রযুক্তিগত প্রতিবেদন এবং রোভারের সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ফাইনালে জায়গা করে নিয়েছে এই পাঁচ প্রতিনিধি।
ফাইনালে সুযোগ পাওয়া বাংলাদেশী দলসমূহ:
AAUB Rover71:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি (BSMRAAU)
BRACU Mongol-Tori: ব্র্যাক ইউনিভার্সিটি (BRACU)
MIST Mongol Barota: মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)
Project Altair: ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (IUT)
UIU Mars Rover: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU)
আগামী ২৭ থেকে ৩০ মে, ২০২৬ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে এই চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মঙ্গল গ্রহের প্রতিকূল পরিবেশের সাথে মিল রেখে তৈরি এই দুর্গম মরুভূমিতে রোভারগুলোকে বিভিন্ন জটিল মিশন সম্পন্ন করতে হবে। বর্তমানে নির্বাচিত দলগুলো তাদের রোভারের সিস্টেমগুলোকে আরও উন্নত ও শক্তিশালী করার কাজে ব্যস্ত রয়েছে, যাতে তারা চরম বৈরী ভূখণ্ডেও সফলভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে।
প্রকৌশল এবং উদ্ভাবনী খাতে বাংলাদেশের ক্রমবর্ধমান সক্ষমতা আজ বিশ্ব দরবারে স্বীকৃত। এই তরুণ উদ্ভাবকদের হাত ধরে বাংলাদেশ ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞানে আরও বহুদূর এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।


