টেকসিঁড়ি রিপোর্ট : ক্যানভার বার্ষিক আয় এখন ৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। কোম্পানির এই অভাবনীয় সাফল্যের পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বড় ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) থেকে আসা ট্রাফিক।
টেকক্রাঞ্চের ১৮ ফেব্রুয়ারি ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভা (Canva) এই বিশাল মাইলফলক স্পর্শ করেছে।
ক্যানভার মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা গত বছরের তুলনায় ২০% বৃদ্ধি পেয়েছে। কোম্পানির মতে, ২০২৫ সালে ক্যানভার ২৬৫ মিলিয়নেরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী এবং ৩১ মিলিয়নেরও বেশি পেইড ব্যবহারকারী ছিল। যার ফলে কোম্পানিটি ৪ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক অতিক্রম করতে সক্ষম হলো ।
ক্যানভা তাদের প্ল্যাটফর্মে টেক্সট-টু-ইমেজ জেনারেশন এবং অটোমেটেড ডিজাইন সাজেশনের মতো অসংখ্য এআই ফিচার যুক্ত করেছে। এই টুলগুলো ব্যবহারকারীদের কাজকে অনেক সহজ করে দিয়েছে, যা নতুন ব্যবহারকারী আকর্ষণে বড় ভূমিকা রেখেছে।
রিপোর্টে একটি মজার তথ্য উঠে এসেছে ,তা হলো , চ্যাটজিপিটি বা ক্লদ (Claude)-এর মতো এআই চ্যাটবটগুলো এখন প্রচুর ব্যবহারকারীকে ক্যানভায় পাঠাচ্ছে। যখন কোনো ব্যবহারকারী চ্যাটবটকে কোনো ডিজাইন বা প্রেজেন্টেশন তৈরির কথা বলে, তখন এই ল্যাঙ্গুয়েজ মডেলগুলো ক্যানভাকে সেরা সমাধান হিসেবে সাজেস্ট করছে। একেই বলা হচ্ছে ‘LLM Referral Traffic’।
এই প্রবৃদ্ধি ক্যানভাকে ডিজাইন সফটওয়্যার বাজারে অ্যাডোবির একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে আরও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছে। বিশেষ করে এআই-এর সঠিক ব্যবহারের মাধ্যমে ক্যানভা এখন অনেক এগিয়ে যাচ্ছে।
ক্যানভার সহ-প্রতিষ্ঠাতা এবং সিওও ক্লিফ ওব্রেখ্ট জানান, তারা কেবল একটি সাধারণ ডিজাইন টুল হিসেবে নয়, বরং এআই-ভিত্তিক একটি পূর্ণাঙ্গ ‘ক্রিয়েটিভ ইকোসিস্টেম’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান।
ক্যানভার শুরুর দিনগুলোতে আমরা গুগল সার্চের মাধ্যমে প্রচুর ইউজার পেয়েছি; আমরা মানুষের সার্চ করার উদ্দেশ্য খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম এবং তাদের এমন সব কন্টেন্ট দিয়েছিলাম যা তারা সরাসরি আমাদের প্রোডাক্টে গিয়ে এডিট করতে পারত। আর এখন আমরা চ্যাটজিপিটি বা যেকোনো বড় ল্যাঙ্গুয়েজ মডেলকে (LLMs) নতুন ইউজার সংগ্রহের একটি অন্যতম মাধ্যম হিসেবে দেখছি,” তিনি বলেন।
মূল কথা , মানুষ এখন সরাসরি সার্চ ইঞ্জিন ছাড়াও এআই চ্যাটবটের মাধ্যমে ক্যানভার খোঁজ পাচ্ছে এবং ক্যানভার নিজস্ব এআই ফিচারগুলো ব্যবহারকারীদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে উৎসাহিত করছে। ফলে কোম্পানিটির আয় এবং জনপ্রিয়তা—দুটোই দ্রুত বাড়ছে।


