টেকসিঁড়ি রিপোর্টঃ তথ্য সুরক্ষায় এক বিশাল মাইলফলক স্পর্শ করল গুগল। প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য জিমেইল অ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন (E2EE) সুবিধা চালু করেছে। মূলত যারা জিমেইল ‘ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন’ ব্যবহার করেন, তাদের লক্ষ্য করেই এই বড় আপডেটটি আনা হয়েছে।
এই নতুন ফিচারের ফলে বিভিন্ন প্রতিষ্ঠান এখন সরাসরি তাদের স্মার্টফোন বা ট্যাবলেট থেকেই অত্যন্ত সংবেদনশীল তথ্য আদান-প্রদান করতে পারবে। এতে করে ডেটা সভারেন্টি বা তথ্য সার্বভৌমত্বের কঠোর নিয়মগুলো মেনে চলা যেমন সহজ হবে, তেমনি মোবাইল থেকেই সব কাজ সেরে ফেলা যাবে দ্রুতগতিতে। তাই এখন থেকে ব্যবহারকারীরা সরাসরি জিমেইল অ্যাপের ভেতরেই এনক্রিপ্ট করা মেইল লিখতে এবং পড়তে পারবেন। এর জন্য বাড়তি কোনো থার্ড-পার্টি অ্যাপ ডাউনলোড করার বা আলাদা কোনো সিকিউর ইমেইল পোর্টালে লগ-ইন করার ঝামেলা পোহাতে হবে না।
ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন বা সিএসই (CSE) প্রযুক্তির বিশেষত্ব হলো, আপনার তথ্য গুগলের সার্ভারে পৌঁছানোর আগেই সেটি কোড বা দুর্বোধ্য ভাষায় রূপান্তরিত হয়ে যায়। যারফলে গুগল নিজেও পড়তে পারবে না আপনার মেইল এমনকি এই মেইলের ডিক্রিপশন কি বা চাবিকাঠি গুগলের কাছে থাকে না। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, মোবাইল প্ল্যাটফর্মে গুগলের এই নিরাপত্তা স্তর যুক্ত করার সিদ্ধান্তটি কর্পোরেট এবং সরকারি পর্যায়ে তথ্যের গোপনীয়তা রক্ষায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে।
তথ্যসুত্রঃ সাইবার সিকিউরিটি নিউজ।



