টেকসিঁড়ি রিপোর্ট : আগামী ৮ মে, ২০২৬ তারিখের পর ইনস্টাগ্রাম আর এন্ড-টু-এন্ড এনক্রিপটেড চ্যাট সাপোর্ট করবে না, এমনটা জানিয়েছে মেটা। এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তার গোপনীয়তা আগের মতো সুরক্ষিত থাকবে না।
মেটা জানিয়েছে, এই ফিচারটি খুব কম সংখ্যক মানুষ ব্যবহার করত । এছাড়া সরকারি চাপ এবং অনলাইন নিরাপত্তা (বিশেষ করে শিশু নিরাপত্তা ও অবৈধ কার্যকলাপ শনাক্তকরণ) নিশ্চিত করতে মেসেজ স্ক্যান করার সুবিধার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
যেসব ব্যবহারকারী বর্তমানে এনক্রিপটেড চ্যাট ব্যবহার করছেন, তাদের গুরুত্বপূর্ণ মেসেজ বা মিডিয়া ফাইলগুলো ৮ মে-র আগে ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দিয়েছে ইনস্টাগ্রাম। এরপর এই চ্যাটগুলো আর এক্সেস করা সম্ভব নাও হতে পারে।
ইনস্টাগ্রামের এন্ড-টু-এন্ড এনক্রিপশন সম্পর্কে আপডেট করা সহায়তা কেন্দ্র পৃষ্ঠায় বলা হয়েছে যে প্ল্যাটফর্মের চ্যাটগুলি শক্তিশালী গোপনীয়তা সুরক্ষা হারাবে।
ব্যবহারকারীদের ওপর এর প্রভাব
১. গোপনীয়তা হ্রাস: আগে এনক্রিপশন থাকার কারণে মেটা বা কোনো তৃতীয় পক্ষ মেসেজ পড়তে পারতো না। এখন এনক্রিপশন চলে গেলে কারিগরিভাবে মেটা আপনার মেসেজ এক্সেস বা স্ক্যান করতে পারবে।
২. তথ্য সংরক্ষণ: এনক্রিপটেড থ্রেডগুলো সাধারণ চ্যাট থেকে আলাদাভাবে সংরক্ষিত থাকে। এই ফিচার বন্ধ হয়ে গেলে পুরনো সুরক্ষিত চ্যাটগুলো হারিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
৩. বিকল্প ব্যবস্থা: যারা সর্বোচ্চ গোপনীয়তা চান, মেটা তাদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে , যেখানে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ডিফল্ট হিসেবে চালু থাকে।



