টেকসিঁড়ি রিপোর্ট : সুন্দর পিচাইয়ের জন্য ৬৯২ মিলিয়ন ডলারের ৩ বছর মেয়াদী বেতন প্যাকেজ ঘোষণা করেছে অ্যালফাবেট। এই আয়ের বড় অংশই নির্ভর করবে পারফরম্যান্স এবং ওয়েইমো ও উইং-এর মতো প্রকল্পের সাফল্যের ওপর।
এর ফলে তিনি বিশ্বের অন্যতম সর্বোচ্চ বেতনভোগী নির্বাহী হতে চলেছেন। তবে গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের তুলনায় পিচাইকে নিয়ে জনমনে কৌতূহল বেশ কম।
সম্প্রতি ল্যারি ও সের্গেই দুজনই মিয়ামিতে অত্যন্ত দামি সব বাড়ি কিনে খবরের শিরোনাম হয়েছেন। ধারণা করা হচ্ছে, ক্যালিফোর্নিয়ার প্রস্তাবিত ‘বিলিয়নেয়ার ট্যাক্স’ থেকে বাঁচতেই তারা ফ্লোরিডায় পাড়ি জমাচ্ছেন। ল্যারি পেজ ইতোমধ্যে ১৭৩ মিলিয়ন ডলার খরচ করে দুটি বাড়ি কিনেছেন। অন্যদিকে, সের্গেই ব্রিনও প্রায় ১৪৩ মিলিয়ন ডলারের সম্পদ কিনেছেন সেখানে।
বিপরীতে, সুন্দর পিচাই এখনো ক্যালিফোর্নিয়ার লস আল্টোস অঞ্চলেই বসবাস করছেন। ২০১৫ সালে দায়িত্ব নেওয়ার পর গুগলের বাজারমূল্য সাত গুণ বৃদ্ধি পাওয়ায় পিচাই নিজেও এখন একজন বিলিয়নেয়ার। বর্তমানে তাঁর এবং তাঁর স্ত্রীর কাছে থাকা শেয়ারের মূল্য প্রায় ৫০০ মিলিয়ন ডলার। এছাড়া গত গ্রীষ্ম পর্যন্ত তিনি আরও ৬৫০ মিলিয়ন ডলার সমমূল্যের শেয়ার বিক্রি করেছেন বলে জানা গেছে।



