টেকসিঁড়ি রিপোর্ট : ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ তাদের মেসেজিং সেবাকে আরও উন্নত করতে বড় পদক্ষেপ নিয়েছে। প্রতিষ্ঠানটি আইওএস ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ আলাদা এবং স্বতন্ত্র ‘এক্স চ্যাট’ অ্যাপের পরীক্ষা শুরু করেছে।
ইলন মাস্ক এক্স-কে ‘এভরিথিং অ্যাপ’ হিসেবে গড়ে তুলতে চান। আলাদা চ্যাট অ্যাপ সেই লক্ষ্যেরই একটি অংশ, যা ব্যবহারকারীদের শুধু সোশ্যাল মিডিয়া ব্রাউজিং নয়, যোগাযোগের জন্যও একটি শক্তিশালী মাধ্যম দেবে।
কোম্পানিটি সোমবার , ২ মার্চ জানিয়েছে যে অ্যাপলের টেস্টফ্লাইট টেস্টিং প্ল্যাটফর্মের মাধ্যমে এক্স চ্যাট অ্যাপের প্রাথমিক বিটা ১,০০০ ব্যবহারকারীর জন্য পাওয়া যাচ্ছে । ফিডব্যাক পাওয়ার পর এটি সবার জন্য উন্মুক্ত করা হতে পারে।
এখন পর্যন্ত এক্স-এর মেসেজিং বা ডিএম (Direct Message) ফিচারটি মূল অ্যাপের ভেতরেই ছিল। কিন্তু এখন ফেসবুক মেসেঞ্জারের মতো এটিকেও একটি আলাদা অ্যাপ হিসেবে আনার পরিকল্পনা করা হচ্ছে।ব্যবহারকারীদের চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও সহজ এবং দ্রুততর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আলাদা অ্যাপ হলে এতে নতুন নতুন মেসেজিং ফিচার যোগ করা সহজ হবে।
ধারণা করা হচ্ছে, আলাদা এই চ্যাট অ্যাপে অডিও-ভিডিও কলিং এবং উন্নত ফাইল শেয়ারিং সুবিধা আরও গুরুত্ব পাবে। এছাড়া এক্স-এর এআই চ্যাটবট ‘গ্রোক’ (Grok)-এর সাথেও এর গভীর সমন্বয় থাকতে পারে।


