টেকসিঁড়ি রিপোর্টঃ ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ক্লাউড কম্পিউটিংয়ের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান উদ্যোক্তা রবিন খুদা। ২০৩০ সালের মধ্যে দেশটিতে ডেটা সেন্টার প্রকল্পে ৩০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লাখ কোটি রুপি) বিনিয়োগ করবে তার প্রতিষ্ঠিত হাইপারস্কেল ডেটা সেন্টার কোম্পানি ‘এয়ারট্রাঙ্ক’ (AirTrunk)। দেশটির ডিজিটাল অবকাঠামো খাতে এটি অন্যতম বৃহত্তম বিনিয়োগ প্রস্তাব।
এই বড় ঘোষণার আগে এয়ারট্রাঙ্কের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রবিন খুদা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে রবিন খুদার সাথে ছবি শেয়ার করে এই ঐতিহাসিক বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানান। মোদি উল্লেখ করেন যে, এই বিনিয়োগ ভারতের ক্লাউড কম্পিউটিং এবং এআই ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে।
এয়ারট্রাঙ্কের পরিকল্পনা অনুযায়ী, তারা সমগ্র ভারতজুড়ে প্রায় ৫ গিগাওয়াট (GW) ধারণক্ষমতার ডেটা সেন্টার স্থাপন করবে। এই মেগা প্রকল্পের সবচেয়ে বড় অংশটি নির্মিত হবে মহারাষ্ট্রে। কোম্পানিটি ইতিমধ্যে মুম্বাইয়ের কাছে রায়গড়ে জমি অধিগ্রহণের জন্য প্রাথমিক চুক্তি সম্পন্ন করেছে।
রবিন খুদা ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় এয়ারট্রাঙ্ক প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ডেটা সেন্টার খাতের একটি শীর্ষস্থানীয় নাম। ভারতে এই বিশাল পুঞ্জীভূত বিনিয়োগের মাধ্যমে কোম্পানিটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে তাদের ব্যবসার পরিধি আরও দ্রুত সম্প্রসারণ করছে।



