টেকসিঁড়ি রিপোর্ট : প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে টেলিযোগাযোগ সেবা খাতে গ্রাহকদের স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, “দেশের কোটি কোটি মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর প্রত্যাশা ছিল এবারের বাজেটে টেলিযোগাযোগ সেবাকে আরও সাশ্রয়ী ও গ্রাহকবান্ধব করা হবে।
কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, গ্রাহকদের দীর্ঘদিনের দাবি—কলরেট বা ফ্লোর প্রাইস তুলে দেওয়া, পদ্মা সেতুর নামে আরোপিত সারচার্জ প্রত্যাহার, এবং টেলিযোগাযোগ সেবার ওপর বিদ্যমান প্রায় ৩৯ শতাংশ কর ও ভ্যাট কমিয়ে আনা—এসব গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষিত হয়েছে।”
তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে টেলিযোগাযোগ সেবা সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় সেবায় পরিণত হয়েছে। অথচ অতিরিক্ত করের বোঝা এবং কৃত্রিম মূল্য নিয়ন্ত্রণের কারণে গ্রাহকরা প্রতিনিয়ত আর্থিক চাপে পড়ছেন। এর ফলে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যও ব্যাহত হতে পারে।”
মহিউদ্দিন আহমেদ অভিযোগ করেন, প্রস্তাবিত বাজেটে অপারেটর ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কিছু ইতিবাচক দিক থাকলেও গ্রাহকদের সুরক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অবিলম্বে টেলিযোগাযোগ খাতে কর ও ভ্যাট কমানো, অপ্রয়োজনীয় সারচার্জ প্রত্যাহার এবং প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করতে ফ্লোর প্রাইস নীতিমালা বাতিল করতে হবে। অন্যথায় ডিজিটাল বৈষম্য আরও বাড়বে এবং সাধারণ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হবে।”


