টেকসিঁড়ি রিপোর্ট : আগামী ৮ই আগস্ট ২০২৬ ঢাকার ধানমন্ডির রাশিয়ান হাউসে দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনোভেনচার: আঞ্চলিক বিজ্ঞান ও উদ্ভাবন উৎসব ২০২৬’।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ শিক্ষার্থীদের মাঝে বৈজ্ঞানিক কৌতূহল ও উদ্ভাবনী চিন্তাভাবনার বিকাশ ঘটাতে এই আয়োজন করছে বাংলাদেশ ইউথ নিউক্লিয়ার কংগ্রেস (BYNC)।
উদ্বোধনী পর্ব ও কারিগরি সেশনের সমন্বয়ে গঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম । বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট খাতের অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
ইভেন্টের মূল থিম : ক্লিন এনার্জি, টেকসই উন্নয়ন (Sustainability), কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ইমার্জিং টেকনোলজি, পরিবেশ ও জলবায়ু, স্বাস্থ্য ও বায়োমেডিকেল প্রযুক্তি, রোবোটিক্স ও অটোমেশন, বিজ্ঞান নীতি ও শিক্ষা, মেটেরিয়ালস সাইন্স, সাধারণ প্রকৌশল এবং পাওয়ার ও রিয়্যাক্টর প্রযুক্তি।
এবারের আয়োজনে দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা প্রধান দুটি ট্র্যাকে নিজেদের কাজ প্রদর্শনের সুযোগ পাবেন:
১. প্রজেক্ট শোকেস (Project Showcase) ২. পোস্টার প্রেজেন্টেশন (Poster Presentation)
যে কোনো ডিসিপ্লিনের (বিশেষ করে STEM ও ইঞ্জিনিয়ারিং) স্নাতক শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। দলগতভাবে সর্বোচ্চ ৩ জন সদস্য থাকতে পারবেন এবং একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিলে যৌথ দল গঠন করতে পারবেন। নির্বাচিত দলগুলোর জন্য থাকবে ৪ মিনিটের পিচিং এবং ২ মিনিটের প্রশ্নোত্তরের সময়।
মূল্যায়ন পদ্ধতি (মোট ১০০ নম্বর):
কারিগরি বিষয়বস্তু (Technical Content) – ৩০, উদ্ভাবন/সৃজনশীলতা – ২০, বাস্তব প্রয়োগযোগ্যতা – ২০, ডিজাইন ও স্পষ্টতা – ১৫, এবং উপস্থাপনা ও প্রশ্নোত্তর – ১৫ নম্বর।
সকল অংশগ্রহণকারী পাবেন একটি ফেস্ট কিট ও অংশগ্রহণের সার্টিফিকেট। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোকে প্রাইজমানি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বিওয়াইএনসি (BYNC)-এর প্রধান উপদেষ্টা ড. মো. শফিকুল ইসলাম দেশের বিশ্ববিদ্যালয়সমূহ থেকে আগ্রহী শিক্ষার্থীদের উৎসবটিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।


