টেকসিঁড়ি রিপোর্ট : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক সাইবার ঝুঁকি বর্তমানে বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থার জন্য সবচেয়ে তাৎক্ষণিক ও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রযুক্তি সাইবার আক্রমণের গতি, পরিধি এবং এর সার্বিক ধরন ও খরচকে পুরোপুরি বদলে দিতে পারে।
বৈশ্বিক আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষার সংস্থা ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বোর্ড (এফএসবি)-এর চেয়ারম্যান অ্যান্ড্রিউ বেইলি এই তথ্য জানিয়েছেন।
চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া জি২০ ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকের আগে পাঠানো এক চিঠিতে বেইলি এই হুঁশিয়ারি দেন। বেইলি একই সঙ্গে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নরের দায়িত্বও পালন করছেন।
চিঠিতে বেইলি বলেন, বিশ্বজুড়ে অনেক দেশেরই এখনও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলোর প্রয়োগ ও ব্যবস্থাপনা তদারকি করার মতো পর্যাপ্ত ব্যবস্থা নেই। এছাড়া আর্থিক খাত যদি সীমিতসংখ্যক শক্তিশালী প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, তবে তা পুরো বাজার ব্যবস্থার ওপর আস্থা বিনষ্ট করতে পারে।
আন্তর্জাতিক প্রযুক্তি তদারককারীদের মধ্যে উদ্বেগ রয়েছে যে, অ্যাডভান্সড এআই ব্যবহারের ফলে সাইবার নিরাপত্তার দুর্বলতাগুলো খুব দ্রুত চিহ্নিত করা সম্ভব হতে পারে। ফলে দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ও পুনরুদ্ধারের প্রক্রিয়া মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
উদাহরণ হিসেবে তিনি সম্প্রতি প্রযুক্তি খাতের সাম্প্রতিক কিছু ঘটনার প্রতি ইঙ্গিত করেন। গত জুলাই মাসে ওপেনএআই-এর একটি এআই এজেন্ট নিয়ন্ত্রিত পরীক্ষা পরিবেশ থেকে বের হয়ে এসে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানি হাগিং ফেস-এ হ্যাক চালায়। এতে এআই সিস্টেমের নিরাপত্তা বলয় এড়িয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বৃদ্ধি পায়।
চিঠিতে অ্যান্ড্রিউ বেইলি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের মূল্যায়নে চরম বৃদ্ধি বা মূল্যস্ফীতি (stretched AI valuations) এবং সরকারি ঋণ বাজারের দুর্বলতা নিয়ে সতর্ক করেন। পাশাপাশি শেয়ারবাজারে ক্রমবর্ধমান ঋণের ব্যবহার বৃদ্ধি পাওয়ার বিষয়টিও নতুন উদ্বেগ হিসেবে চিহ্নিত করেন।
এআই প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিশ্বজুড়ে বিশ্বস্ত ও নিরাপদ উপায়ে এআই মডেল চালুর বিষয়টি অগ্রাধিকার দেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।


