টেকসিঁড়ি রিপোর্ট : মেটার অবকাঠামো প্রধান এবং প্রকৌশল বিভাগের সহ-প্রধান (co-head of engineering) সন্তোষ জনার্দন কোম্পানি ছেড়ে যাচ্ছেন। ২০০৯ সাল থেকে মেটার সাথে যুক্ত থাকার পর দীর্ঘ ১৮ বছর পর এই শীর্ষ কর্তা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ একটি মেমোর মাধ্যমে নিজের পদত্যাগের বিষয়টি সহকর্মীদের জানান।
সন্তোষ জনার্দন ২০২৭ সালের প্রথম প্রান্তিক (Q1) পর্যন্ত মেটাতেই থাকছেন, যাতে নতুন নেতৃত্বে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। তার এই বিদায়কে তিনি ‘ব্যাটন হস্তান্তর করার সঠিক সময়’ বলে উল্লেখ করেছেন।
অ্যামাজন ওয়েব সার্ভিসেসের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেভিড ব্রাউন , চলতি বছরের জুলাইয়ে মেটায় যোগ দিয়েছিলেন, তিনি এখন আনুষ্ঠানিকভাবে মেটার অবকাঠামো কার্যক্রমের দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়া তিনি ‘মেটা কম্পিউট’ উদ্যোগের চিফ টেকনিক্যাল অফিসার হিসেবেও কাজ করবেন।
এই পরিবর্তনটি এমন এক সময়ে এল যখন মেটা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটাসেন্টার অবকাঠামো উন্নয়নের পেছনে বিশাল অংকের মূলধন বিনিয়োগ করছে। ২০২৬ সালে মেটার মোট মূলধন ব্যয় ১৩৫ বিলিয়ন থেকে ১৪৫ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যার সিংহভাগই ব্যয় হচ্ছে এআই ও ডেটাসেন্টারের পেছনে।
২০০৯ সালে যোগ দেওয়ার পর থেকে মেটার বৈশ্বিক স্কেলের অবকাঠামো, ডেটাসেন্টার এবং প্রযুক্তিগত ভিত্তি গড়ে তোলার পেছনে সন্তোষ জনার্দন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। মেটাতে যোগদানের পূর্বে সন্তোষ ইউটিউব, গুগল এবং পেপ্যাল-এ ডাটাবেস ও স্টোরেজ টিমের নেতৃত্ব দিয়েছেন। সন্তোষ সর্দার প্যাটেল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক এবং পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।
এআই প্রতিযোগিতায় টিকে থাকতে মেটা যখন তাদের অবকাঠামো এবং কৌশলগত নেতৃত্বে বড় ধরনের রদবদল আনছে, তখন এই নির্বাহী পরিবর্তনটি প্রযুক্তি বিশ্বে বেশ বড় আলোচনার জন্ম দিয়েছে।



