টেকসিঁড়ি রিপোর্ট : বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাপল’ তাদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য উদযাপনের শুভ সূচনা করেছে। গত ১৩ মার্চ নিউ ইয়র্ক সিটির বিখ্যাত ‘অ্যাপল গ্র্যান্ড সেন্ট্রালে এক বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন ১৭ বার গ্র্যামি পুরস্কার বিজয়ী বিশ্বখ্যাত শিল্পী ও প্রযোজক অ্যালিসিয়া কিজ ।
অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পুরো মাস জুড়ে বিশ্বব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে তারা মানুষের সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তিকে সম্মান জানাবে। সঠিক প্রযুক্তির ছোঁয়ায় মানুষ যে কত অসাধারণ কিছু করতে পারে, এই উদযাপন তারই প্রতিফলন। নিউ ইয়র্কের এই কনসার্টটি ছিল বিশ্বব্যাপী মাসব্যাপী চলতে থাকা উৎসবের প্রথম ধাপ।
গত পাঁচ দশক ধরে অ্যাপল ‘থিংক ডিফারেন্ট’ দর্শনে বিশ্বাসী। অ্যালিসিয়া কিজের মতো শিল্পী, যিনি কয়েক দশক ধরে মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের স্বকীয়তা বজায় রেখেছেন, তার মাধ্যমে এই মাইলফলক উদযাপন করাকে অ্যাপল তাদের দীর্ঘ পথচলার সার্থকতা হিসেবে দেখছে।
অ্যালিসিয়া কিজ গ্র্যান্ড সেন্ট্রালের সেই সুপরিচিত সিঁড়িতে দাঁড়িয়ে তার কালজয়ী গানগুলো পরিবেশন করেন। আইফোন ১৭ প্রো এর মাধ্যমে এই অনুষ্ঠানের প্রাণবন্ত মুহূর্তগুলো ধারণ করা হয়। ২০২৪ সালে অ্যাপল ভিশন প্রো-এর জন্য ‘Alicia Keys: Rehearsal Room’ নামে একটি ইমার্সিভ এক্সপেরিয়েন্স তৈরি করা হয়েছিল, যেখানে ভক্তরা ভার্চুয়ালি তার মহড়ার সময় উপস্থিত থাকার অভিজ্ঞতা পেয়েছিলেন।


