টেকসিঁড়ি রিপোর্ট : আগামী ১ জুন থেকে সব ধরনের মার্চেন্ট পেমেন্ট ও লেনদেনের ক্ষেত্রে সর্বজনীন ‘বাংলা কিউআর’ (Bangla QR) কোড ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ তথ্য জানিয়েছেন ।
তিনি জানান, দেশের ক্যাশলেস পেমেন্ট ইকোসিস্টেমকে আরও শক্তিশালী এবং সহজলভ্য করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের সব ব্যাংক ও পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করার কঠোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বর্তমানে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ভিন্ন ভিন্ন কিউআর কোড ব্যবহার করে, যার ফলে এক প্রতিষ্ঠানের অ্যাপ দিয়ে অন্য প্রতিষ্ঠানের কিউআর স্ক্যান করা সব সময় সম্ভব হয় না। ‘বাংলা কিউআর’ হলো একটি সমন্বিত ও সর্বজনীন ব্যবস্থা, যা ব্যবহার করে যেকোনো ব্যাংকের অ্যাপ বা এমএফএস (যেমন- বিকাশ, নগদ, রকেট) দিয়ে কেনাকাটার পেমেন্ট করা যাবে।
২০২৬ সালের ১ জুন থেকে এটি কার্যকর হবে। ছোট দোকানদার থেকে শুরু করে বড় শপিং মল পর্যন্ত সবাইকে একই ডিজিটাল নেটওয়ার্কে নিয়ে আসা হলো মূল লক্ষ্য । এর ফলে সাধারণ গ্রাহকদের পকেটে নগদ টাকা বা কার্ড বহন করার প্রয়োজনীয়তা কমে যাবে। এমনকি ছোট মুদি দোকান বা ফুটপাতের ব্যবসায়ীরাও কোনো পস (POS) মেশিন ছাড়াই শুধু একটি কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট গ্রহণ করতে পারবেন।
কীভাবে ব্যবহার করবেন?
১. আপনার ব্যাংকের বা এমএফএস অ্যাপ (যেমন- বিকাশ, নগদ) খুলুন।
২. “Bangla QR” বা Scan Option-এ ক্লিক করুন।
৩. দোকানের বাংলা কিউআর কোডটি স্ক্যান করুন।
৪. টাকার পরিমাণ লিখে পিন (PIN) দিয়ে পেমেন্ট নিশ্চিত করুন ।
ডিজিটাল অন্তর্ভুক্তিতে এই সিদ্ধান্ত দেশের সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে বলছেন বিশেষজ্ঞরা।
এর আগে বুধবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস কোম্পানিকে পাঠায় । একই সঙ্গে সার্কুলার জারির দিন থেকেই বাংলা কিউআর কোড লেনদেন ব্যবস্থা চালু করার নির্দেশনা দেয়া হয়।


