টেকসিঁড়ি রিপোর্ট : কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবের অন্যতম পুরোধা এবং দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে এনভিডিয়াকে নেতৃত্ব দেওয়া জেনসেন হুয়াং কোম্পানির প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী এবং বোর্ড ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন। সাম্প্রতিক ব্যক্তিগত কেলেঙ্কারি ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার পর এই ঘোষণা দিলেন তিনি।
এনভিডিয়ার বর্তমান প্রধান আর্থিক কর্মকর্তা (CFO) কোলেট ক্রেস সিএফও পদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহীর দায়িত্বও পালন করবেন। স্থায়ী সিইও নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন। এছাড়া বোর্ড অব ডিরেক্টরের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হার্ভে সি. জোন্স (Harvey C. Jones)-কে।
সম্প্রতি জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত আচরণ এবং সিঙ্গাপুরভিত্তিক মেঘাস্পিড (Megaspeed) কোম্পানির সাবেক এক নির্বাহীর সাথে সম্পর্ক নিয়ে সংবাদ প্রকাশিত হয়। মার্কিন গোয়েন্দারা ওই নির্বাহীকে চীনা গোয়েন্দা সংস্থার সাথে সম্পৃক্ত বলে সন্দেহ করায় বিষয়টি জাতীয় নিরাপত্তার আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে আরেকটি সম্পর্কের বিষয় প্রকাশ্যে আসার পর এনভিডিয়ার বোর্ডে তীব্র চাপ তৈরি হয়।
এই আকস্মিক পদত্যাগের ঘোষণায় এনভিডিয়ার শেয়ার দর ও বাজার মূল্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। কোম্পানি জানিয়েছে, স্থায়ী সিইও খোঁজার জন্য বোর্ডের পক্ষ থেকে অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ধরনের প্রার্থীদের নিয়েই অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে।


