টেকসিঁড়ি রিপোর্ট : ইলন মাস্কের স্টারলিংককে সরাসরি চ্যালেঞ্জ জানাতে অ্যামাজন ১১.৫৭ বিলিয়ন ডলারের বিশাল চুক্তির মাধ্যমে গ্লোবালস্টার অধিগ্রহণের ঘোষণা দিয়েছে।
রয়টার্স বলছে, অ্যামাজন এবং স্যাটেলাইট সংস্থা গ্লোবালস্টার এর মধ্যকার সাম্প্রতিক চুক্তির মূল লক্ষ্য হলো অ্যামাজনের নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প ‘অ্যামাজন লিও’ -কে আরও শক্তিশালী করা এবং মহাকাশ ভিত্তিক ইন্টারনেট সেবায় নিজেদের অবস্থান দৃঢ় করা।
এই অধিগ্রহণের ফলে অ্যামাজন এবং অ্যাপলের মধ্যে একটি নতুন কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে। আইফোন এবং অ্যাপল ওয়াচের ‘ইমার্জেন্সি এসওএস’ এবং ‘ফাইন্ড মাই’ ফিচারের জন্য প্রয়োজনীয় স্যাটেলাইট পরিষেবা এখন থেকে অ্যামাজনের নেটওয়ার্কের মাধ্যমেই প্রদান করা হবে। উল্লেখ্য, গ্লোবালস্টারে অ্যাপলের আগে থেকেই বড় অঙ্কের বিনিয়োগ ছিল।
এই চুক্তির একটি বিশেষ দিক হলো ‘ডাইরেক্ট-টু-ডিভাইস’ প্রযুক্তি। এর মাধ্যমে ২০২৮ সাল নাগাদ অ্যামাজন সরাসরি সাধারণ স্মার্টফোনে স্যাটেলাইট সংযোগ দেওয়ার পরিকল্পনা করছে। এর ফলে কোনো মোবাইল টাওয়ার ছাড়াই দুর্গম এলাকায় ভয়েস কল, মেসেজিং এবং ডেটা পরিষেবা পাওয়া সম্ভব হবে।
চুক্তির শর্ত অনুযায়ী, গ্লোবালস্টারের শেয়ারহোল্ডাররা তাদের প্রতিটি শেয়ারের বিনিময়ে ৯০ ডলার নগদ অর্থ অথবা অ্যামাজনের সাধারণ স্টকের ০.৩২১০ অংশ বেছে নেওয়ার সুযোগ পাবেন। তবে নগদ অর্থ প্রদানের ক্ষেত্রে মোট শেয়ারের ৪০ শতাংশের একটি সীমা নির্ধারণ করা হয়েছে।
অ্যামাজন ২০২৯ সালের মধ্যে মহাকাশের নিম্ন কক্ষপথে প্রায় ৩,২০০টি স্যাটেলাইট স্থাপনের লক্ষ্য নিয়ে কাজ করছে। যার মধ্যে প্রায় অর্ধেক জুলাই মাসের সময়সীমার মধ্যে স্থাপন করা বাধ্যতামুলক। এছাড়াও, এটি চলতি বছরের শেষের দিকে তার স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে।
বর্তমানে স্টারলিংকের ১০,০০০-এর বেশি স্যাটেলাইট এবং প্রায় ৯০ লক্ষ গ্রাহক রয়েছে। গ্লোবালস্টারকে সাথে নিয়ে অ্যামাজন এখন সেই বিশাল বাজারের ভাগ নিতে চাইছে।


