টেকসিঁড়ি রিপোর্ট : মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা ল্যাবগুলো থেকে প্রযুক্তি এবং মেধা সম্পদ চুরির চেষ্টার অভিযোগে চীনভিত্তিক এআই স্টার্টআপ ‘ডিপসিক’-এর বিরুদ্ধে বৈশ্বিক সতর্কতা জারির নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বার্তা সংস্থা রয়টার্স এক কূটনৈতিক বরাতে এই তথ্য জানিয়েছে।
গত শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী দেশগুলো মার্কিন এআই মডেলগুলোর তথ্য সংগ্রহ ও ‘ডিস্টিলেশন’ প্রক্রিয়ার মাধ্যমে নিজস্ব প্রযুক্তি উন্নত করার চেষ্টা করছে। ‘ডিস্টিলেশন’ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বড় এবং শক্তিশালী এআই মডেলের আউটপুট ব্যবহার করে ছোট ও সস্তা মডেল তৈরি করা হয়।
সতর্কবার্তায় বিশেষভাবে ডিপসিক (DeepSeek), মুনশট এআই (Moonshot AI) এবং মিনিম্যাক্স (MiniMax)-এর নাম উল্লেখ করা হয়েছে।
মার্কিন প্রশাসন মনে করছে, এই চুরির ফলে বিদেশি রাষ্ট্রগুলো খুব কম খরচে শক্তিশালী এআই মডেল তৈরি করতে পারছে, যা মার্কিন কোম্পানিগুলোর বাণিজ্যিক ক্ষতি করার পাশাপাশি জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি।
ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। তারা একে চীনের এআই শিল্পের অগ্রগতির ওপর পরিকল্পিত আক্রমণ হিসেবে অভিহিত করেছে।
এর আগে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই (OpenAI) মার্কিন আইন প্রণেতাদের সতর্ক করেছিল যে, ডিপসিক তাদের মডেল নকল করার চেষ্টা করছে। বর্তমান এই উত্তেজনা এমন এক সময়ে দেখা দিল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিশ্বের অনেক দেশ ইতিমধ্যেই ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার খাতিরে সরকারি দপ্তরে ডিপসিক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে কম খরচে ভালো পারফরম্যান্সের কারণে আন্তর্জাতিকভাবে এর ওপেন-সোর্স মডেলগুলো এখনো বেশ জনপ্রিয়।


