টেকসিঁড়ি রিপোর্ট : প্রথমবারের মতো অনলাইনে আয়োজিত মর্যাদাপূর্ণ এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে (এপিওএআই) ৩টি সোনার পদক পেয়েছে বাংলাদেশ। অসাধারণ সাফল্যের নায়ক লাবিব, আরাফ ও আর্য।
১৮টি দেশের ১২৯ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ আসরে ১০টি গোল্ড মেডেলের মধ্যে ৩টিই জয় করেছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে এই গৌরব এনে দিয়েছে হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির মো. সাইদুজ্জামান এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ত্রিদিব রায়। আন্তর্জাতিক এই আসরের চূড়ান্ত র্যাঙ্কিংয়ে তারা যথাক্রমে ৪র্থ, ৫ম ও ৯ম স্থান অর্জন করেছে।
বাংলাদেশ দলের আরও ৪ জন শিক্ষার্থী পেয়েছে সম্মানজনক স্বীকৃতি। তারা হলো দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাওফিল রহমান, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈরা নাওয়ার আহমেদ, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী অনন্য যারিফ আকন্দ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোবতাসিম চৌধুরী প্রিয়ম। দলের আরেক সদস্য ন্যাশনাল আইডিয়াল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মুর্তজা আব্দুল্লাহ।
প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সিঙ্গাপুর, জাপান, চীন, রাশিয়া, ইরানসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শীর্ষ দেশগুলো। এআই বিষয়ক আন্তর্জাতিক কোনো অলিম্পিয়াডে এটিই বাংলাদেশ দলের সর্বোচ্চ অর্জন।
এই দল আগামী ২–৮ আগস্ট, ২০২৬ তারিখে কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
বাংলাদেশ দলের জন্য আন্তরিক অভিনন্দন ও আগামীর জন্য অনেক শুভকামনা।


