টেকসিঁড়ি রিপোর্ট : আধুনিক ইন্টারনেটের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বিশ্বজুড়ে ‘ইন্টারনেটের জনক’ (Father of the Internet) হিসেবে পরিচিত ভিন্টন সার্ফ (Vinton Cerf) অবশেষে অবসরে যাচ্ছেন। এই তথ্য জানিয়েছে টেকক্রাঞ্চ ।
সম্প্রতি অনুষ্ঠিত ‘ওপেন ফ্রন্টিয়ার’ সম্মেলনে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির অধ্যাপক ডেভ প্যাটারসন গুগলে ভিন্টন সার্ফের অবদানের কথা উল্লেখ করে তার এই অবসরের ঘোষণা দেন। তার এই অবসরকে প্রযুক্তি জগতের ‘একটি যুগের অবসান’ হিসেবে দেখা হচ্ছে।
কে এই ভিন্টন সার্ফ?
৮৩ বছর বয়সী ভিন্টন সার্ফ হলেন সেই ব্যক্তি যিনি ১৯৭০-এর দশকে তার সহকর্মী রবার্ট কান-এর সাথে মিলে TCP/IP প্রোটোকল তৈরি করেছিলেন। সহজ কথায়, এটি এমন এক নিয়ম বা ভাষা যা বিশ্বের সমস্ত কম্পিউটার কে একে অপরের সাথে যুক্ত হয়ে ডেটা আদান-প্রদান বা যোগাযোগ করতে সাহায্য করে। আজকের আধুনিক ইন্টারনেট এই প্রযুক্তির ওপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে।
কোথা থেকে অবসর নিচ্ছেন?
তিনি গত ২০ বছর ধরে টেক জায়ান্ট গুগলের সাথে যুক্ত ছিলেন। সেখানে তিনি ভাইস প্রেসিডেন্ট এবং ‘চিফ ইন্টারনেট এভানজেলিস্ট’ (Chief Internet Evangelist) হিসেবে কর্মরত ছিলেন। আগামী সপ্তাহ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে গুগল থেকে বিদায় নেবেন।
পুরস্কার ও স্বীকৃতি
ইন্টারনেট তৈরিতে অসামান্য অবদানের জন্য তিনি কম্পিউটার বিজ্ঞানের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ‘টুরিং অ্যাওয়ার্ড’ (Turing Award) এবং আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’-সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
ভবিষ্যত বার্তা
অবসরের ঘোষণা দিলেও প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন এই বিজ্ঞানী। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে, তার জন্য এখন থেকেই নির্দিষ্ট স্ট্যান্ডার্ড বা নিয়ম তৈরি করা দরকার, যাতে ভবিষ্যতের এআই সিস্টেমগুলো মানুষের মতোই একে অপরের সাথে সহজে ও নিরাপদে যোগাযোগ করতে পারে।


