টেকসিঁড়ি রিপোর্ট ঃ দেশব্যাপী উন্নত স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সংযোগ সমাধান পৌঁছে দিতে একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করেছে আমরা নেটওয়ার্কস লিমিটেড এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
এই চুক্তির আওতায় প্রতিষ্ঠান দুটি যৌথভাবে বাংলাদেশে স্টারলিংক প্রযুক্তিনির্ভর পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট সংযোগ সেবা প্রদানে কাজ করবে।
রাজধানীর সাফুরা টাওয়ারে অবস্থিত আমরা নেটওয়ার্কস লিমিটেডের কর্পোরেট কার্যালয়ের ৯ম তলায় আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয় ১৮ জুন , বৃহস্পতিবার ।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল): প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান; সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার শাহ আহমেদুল কবির; সিনিয়র ম্যানেজার আসাদ বিন ইউসুফ; এবং সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার হামেদ হাসান মুহাম্মদ মহিউদ্দিন।
আমরা নেটওয়ার্কস লিমিটেড: প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন গ্রুপ চিফ ফিনান্সিয়াল অফিসার মোঃ আনামুল হক; চিফ অপারেটিং অফিসার মোঃ মনোয়ার হোসেন খান; চিফ – স্ট্র্যাটেজিক সেলস (এফএসআই সেলস) কাজী মাসুম হোসেন; চিফ – এন্টারপ্রাইজ সলিউশনস ও ইন্টারনেট অফ থিংস (আইওটি) মোঃ মনিরুল ইসলাম; ইনফ্রাস্ট্রাকচার বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার গৌতম সরকার এবং সিনিয়র ম্যানেজার মিঠুন মালাকার।
সংশ্লিষ্টরা জানান, এই কৌশলগত সহযোগিতাটি সারা বাংলাদেশে আধুনিক স্যাটেলাইট সংযোগের পরিধি সম্প্রসারণের ক্ষেত্রে একটি বড় মাইলফলক। এটি দেশের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করতে, প্রত্যন্ত অঞ্চলের সংযোগের ব্যবধান দূর করতে এবং দেশব্যাপী বৃহত্তর প্রযুক্তিগত অগ্রগতি সক্ষম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
যৌথ এই উদ্যোগের মাধ্যমে আমরা নেটওয়ার্কস লিমিটেড এবং বিএসসিএল নতুন নতুন বাণিজ্যিক সুযোগ তৈরি, প্রযুক্তিগত উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বাংলাদেশের সামগ্রিক ডিজিটাল ইকোসিস্টেমের ধারাবাহিক বৃদ্ধিতে শক্তিশালী অবদান রাখতে আশাবাদ ব্যক্ত করেছে।


