টেকসিঁড়ি রিপোর্ট : মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের উন্নয়নে জাপানের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও শিল্প অটোমেশন সংস্থাগুলোর সাথে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ টোকিওতে একটি মিডিয়া ইভেন্টে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এই যৌথ উদ্যোগের কথা জানান।
এনভিডিয়ার সাথে জাপানের ফুজিৎসু (Fujitsu), ফ্যানাক (Fanuc), কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ (Kawasaki Heavy Industries), এবং ইয়াসকাওয়া ইলেকট্রিক (Yaskawa Electric) এই উদ্যোগে যোগ দিচ্ছে।
মূলত এনভিডিয়ার ‘কসমস অ্যালায়েন্স’ (Cosmos Alliance) এবং ওপেন ফিজিক্যাল এআই (Physical AI) প্রযুক্তির ওপর ভিত্তি করে হিউম্যানয়েড রোবট, ফ্যাক্টরি অটোমেশন, স্মার্ট বিল্ডিং এবং উন্নত রেল ব্যবস্থার বিকাশ ঘটানোই এর লক্ষ্য।
টোকিওতে সংবাদ সম্মেলনে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং বলেন, “এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে রোবটগুলো আরও স্মার্ট, সহজে অভিযোজনযোগ্য এবং মানুষের জন্য সহজলভ্য হয়ে উঠবে।”
তিনি আরও যোগ করেন যে, ফিজিক্যাল এআই হলো পরবর্তী শিল্প বিপ্লব, যার নেতৃত্ব দেবে জাপান। কারণ ঐতিহাসিক ভাবেই দেশটি সুনির্দিষ্ট এবং বৃহৎ পরিসরে উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতে অত্যন্ত দক্ষ।
জাপানের বর্তমান জনসংখ্যা ও শ্রমিক সংকট মোকাবেলায় এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন হুয়াং। রোবোটিক্স এবং এআই ব্যবহারের মাধ্যমে কম জনবলেও উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে নেওয়া সম্ভব হবে।
বর্তমানে বিশ্বজুড়ে এআই প্রযুক্তির ব্যাপক চাহিদার মাঝে এনভিডিয়া জাপানের শক্তিশালী চিপ সাপ্লাই চেইন এবং শিল্প অটোমেশন খাতের সাথে তাদের সম্পর্ক আরও জোরদার করছে।



