টেকসিঁড়ি রিপোর্ট : স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক তাদের ব্যবহারকারীদের জন্য সরাসরি ম্যাসেজ বা ডিএমের মাধ্যমে একে অপরকে টাকা পাঠানোর সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি আর্থিক সেবার (Fintech) পরিধি বাড়াতে টিকটক এই উদ্যোগ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বুমবার্গ এবং টেকক্রাঞ্চসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
মূল বিষয়গুলো :
- ইন-অ্যাপ লেনদেন: টিকটকের যুক্তরাষ্ট্রের আইফোন অ্যাপের কোডে এই ফিচারটির প্রাথমিক উপস্থিতি সনাক্ত করা গেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা যেমন বার্তা বা ছবি পাঠান, তেমনই সরাসরি অন্য ব্যবহারকারীকে অর্থ লেনদেন করতে পারবেন।
- ‘ট্যাপ টু একসেপ্ট’ ফিচার: কোডে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রহীতা টাকা গ্রহণ করার জন্য ‘Tap to accept’ বোতাম পাবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তা গ্রহণ না করলে মেয়াদ শেষ হয়ে যাবে। এছাড়া লেনদেনের সাথে বার্তা যুক্ত করার এবং নোটিফিকেশন পাওয়ার সুযোগ থাকবে।
- টিকটক পে প্রযুক্তির ব্যবহার: ফিচারটি চালু হলে এটি ‘টিকটক পে’ কাঠামোর ওপর নির্ভর করে পরিচালিত হবে। বর্তমানে এই সেবাটি শুধুমাত্র ভিয়েতনাম, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে ‘টিকটক শপ’-এর কেনাকাটার জন্য ব্যবহৃত হচ্ছে।
- প্রাথমিক পর্যায়: টিকটকের এক মুখপাত্র জানিয়েছেন, ফিচারটি এখনো কোনো বাজারে পরীক্ষামূলকভাবে চালু করা হয়নি। বাইটড্যান্স (Byte Dance) এটি নিয়ে টেকনিক্যাল কাজ করলেও ফিচারটি চূড়ান্তভাবে সাধারণ ব্যবহারকারীদের জন্য কবে প্রকাশ করা হবে তা এখনো নিশ্চিত নয়।


