টেকসিঁড়ি রিপোর্ট : বিশ্ব ডাক দিবস উপলক্ষে আগামী ৯ ও ১০ অক্টোবর বাংলাদেশ ডাক বিভাগের সকল পর্যায়ের কার্যালয়ে (সঞ্চয় ব্যাংক কার্যক্রম ব্যতীত) ডাকসেবা চালু থাকবে।
দিবসটি উপলক্ষে ৯ থেকে ১৫ অক্টোবর দেশব্যাপী ‘ডাকসেবা সপ্তাহ’ পালন করবে বাংলাদেশ ডাক বিভাগ। এ সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাকসেবা বিষয়ক মেলা অনুষ্ঠিত হবে।
বিশ্ব ডাক দিবস ২০২৬ এমন সময়ে পালিত হচ্ছে, যখন বাংলাদেশ ডাক বিভাগ ঐতিহ্যবাহী ডাকসেবার পাশাপাশি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ডাক ও লজিস্টিকস সেবা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
‘One Postal Network, Infinite Possibilities’ বা ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ডাক বিভাগ জনগণের দোরগোড়ায় দ্রুত, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও বহুমুখী ডাক ও লজিস্টিকস সেবা পৌঁছে দিতে কাজ করছে।
ই-কমার্স ও লজিস্টিকস সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ট্র্যাকিং ও ট্রেসিং, পোস্ট পিকআপ ও ডেলিভারি, ফুলফিলমেন্ট সেন্টার, কৃষিপণ্য ও মৌসুমি ফল পরিবহন এবং উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালুর মাধ্যমে ডাকসেবার পরিধি সম্প্রসারণ করা হচ্ছে।
ডাক বিভাগের তথ্য অনুযায়ী, মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত স্পিড পোস্টের মাধ্যমে প্রায় ৮১১ টন পণ্য পরিবহন করা হয়েছে। দ্রুত ও সাশ্রয়ী পার্সেল সেবা হিসেবে স্পিড পোস্ট ই-কমার্স, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কৃষক ও অনলাইন ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম হয়ে উঠছে।
সরকারের নির্বাচনী অঙ্গীকার ও ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালুর উদ্যোগের মাধ্যমে একদিকে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ডাকসেবার নেটওয়ার্ক আরও বিস্তৃত হচ্ছে।
আন্তর্জাতিক পার্সেল পরিবহনেও ডাক বিভাগের সেবায় প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশগামী পার্সেল পরিবহনের পরিমাণ ছিল ২৪৩ টন। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে তা বেড়ে ৩১৬ টনে দাঁড়িয়েছে। ফলে এক বছরের ব্যবধানে একই সময়ে বিদেশগামী পার্সেল পরিবহন বেড়েছে ৭৩ টন বা প্রায় ২৯ দশমিক ৮৪ শতাংশ।
এছাড়া ফেব্রুয়ারি ২০২৬ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ও দেশের অভ্যন্তরে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জনের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ডাক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১৮৭৪ সালের ৯ অক্টোবর Universal Postal Union (UPU) প্রতিষ্ঠার দিনকে স্মরণ করে ১৯৬৯ সালে টোকিওতে অনুষ্ঠিত UPU Congress-এ ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ব ডাক দিবসের মূল লক্ষ্য মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ডাক ব্যবস্থার অবদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।


