টেকসিঁড়ি রিপোর্ট : যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) অ্যাস্ট্রো ক্যাম্প কর্মসূচির আওতায় স্পেস ইনোভেশন ক্যাম্প প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কমিউনিটি পার্টনারের স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের শিশু-কিশোরদের মহাকাশবিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গবেষণাভিত্তিক শিক্ষায় আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ কাজ করছে স্পেস ইনোভেশন ক্যাম্প।
বিশ্বের অন্যতম শীর্ষ মহাকাশ গবেষণা সংস্থা নাসা দীর্ঘদিন ধরে মহাকাশ অনুসন্ধান, বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি নতুন প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করতে কাজ করছে।
নাসার অ্যাস্ট্রো ক্যাম্প এমন একটি শিক্ষামূলক উদ্যোগ, যেখানে শিশু-কিশোররা হাতে-কলমে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মহাকাশবিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি এবং বৈজ্ঞানিক সমস্যা সমাধানের ধারণা অর্জন করতে পারে।
এই কর্মসূচির কমিউনিটি পার্টনার হিসেবে স্বীকৃতি পাওয়া স্পেস ইনোভেশন ক্যাম্পের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি অ্যাস্ট্রো ক্যাম্পের শিক্ষামূলক কাঠামো, প্রশিক্ষণ ও প্রাসঙ্গিক শিক্ষা উপকরণ ব্যবহারের সুযোগ পাবে, এই স্বীকৃতি শুধু একটি প্রতিষ্ঠানের অর্জন নয়; বরং বাংলাদেশের শিশু-কিশোরদের আন্তর্জাতিক মহাকাশবিজ্ঞান শিক্ষার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার একটি সম্ভাবনাময় পদক্ষেপ।

দেশের ৫০টি বিদ্যালয়ে মহাকাশবিজ্ঞান শিক্ষা সম্প্রসারণের লক্ষ্য
স্পেস ইনোভেশন ক্যাম্প ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মহাকাশবিজ্ঞান, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, রকেটবিজ্ঞান ও গবেষণাভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
নতুন এই স্বীকৃতিকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি ২০২৭ সালের মধ্যে বাংলাদেশের অন্তত ৫০টি বিদ্যালয়ে অ্যাস্ট্রো ক্যাম্পভিত্তিক মহাকাশবিজ্ঞান শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করেছে।
এসব কার্যক্রমে শিক্ষার্থীরা সৌরজগৎ, চাঁদ ও মঙ্গল গ্রহ, রকেটের কার্যপদ্ধতি, মহাকাশযান, মঙ্গল অভিযানের পরিকল্পনা, রোভার নির্মাণ এবং মহাকাশে মানুষের বসবাসের মতো বিষয়গুলো হাতে-কলমে শেখার সুযোগ পাবে।
শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব প্রকল্প, দলগত কাজ, পরীক্ষা-নিরীক্ষা এবং সৃজনশীল সমস্যা সমাধানের মাধ্যমে ভবিষ্যতের বিজ্ঞানী ও উদ্ভাবক হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
বাংলাদেশের শিশুদের স্বপ্ন পৌঁছে দিতে চাই মহাকাশের সীমানায়
স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, “নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার। দীর্ঘদিন ধরে আমরা বাংলাদেশের শিশু-কিশোরদের বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় আগ্রহী করে তুলতে কাজ করছি। আমাদের বিশ্বাস, বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলের শিশুও একদিন বিশ্বসেরা বিজ্ঞানী, মহাকাশ প্রকৌশলী কিংবা গবেষক হতে পারে, যদি তাকে সঠিক শিক্ষা, পরিবেশ ও সুযোগ দেওয়া হয়।
আমরা চাই, বাংলাদেশের প্রতিটি শিশু শুধু মহাকাশ নিয়ে স্বপ্ন দেখবে না, বরং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ছোটবেলা থেকেই বিজ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে যুক্ত হবে। নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের সঙ্গে এই শিক্ষামূলক অংশীদারত্ব আমাদের সেই লক্ষ্য অর্জনের পথে নতুন সম্ভাবনা তৈরি করেছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের তরুণদের আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের অসাধারণ সক্ষমতা রয়েছে। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বাংলাদেশের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ঘটনা তার উজ্জ্বল উদাহরণ। আমরা চাই, আগামী দিনে বাংলাদেশের আরও অসংখ্য শিশু-কিশোর আন্তর্জাতিক বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখুক।”
মহাকাশবিজ্ঞান শিক্ষায় দীর্ঘদিনের অভিজ্ঞতা
২০১৯ সাল থেকে স্পেস ইনোভেশন ক্যাম্প বাংলাদেশের শিশু-কিশোরদের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক শিক্ষায় সম্পৃক্ত করতে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৫০০টির বেশি শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ১০ হাজারের বেশি শিক্ষার্থীকে বিজ্ঞান ও প্রযুক্তিচর্চায় যুক্ত করেছে। এসব উদ্যোগে অংশ নিয়েছেন পাঁচ শতাধিক মেন্টর এবং এক হাজারের বেশি স্বেচ্ছাসেবক।
প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে অ্যাস্ট্রোনট ক্যাম্প, রকেট ক্যাম্প, রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা, কোডিং একাডেমি, মহাকাশবিজ্ঞান কর্মশালা, স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড এবং শিশুদের গবেষণাভিত্তিক বিভিন্ন প্রকল্প।
নতুন প্রজন্মের জন্য নতুন সম্ভাবনা
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হিসেবে স্পেস ইনোভেশন ক্যাম্পের এই স্বীকৃতি দেশের বিদ্যালয়গুলোতে হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার প্রসার, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং শিশু-কিশোরদের গবেষণামুখী করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশেষ করে ছোটবেলা থেকেই বিজ্ঞানকে আনন্দময় ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখানোর সুযোগ তৈরি হলে শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও উদ্ভাবনী চিন্তাশক্তি আরও বিকশিত হবে।


