টেকসিঁড়ি রিপোর্ট : দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশে সার্ভার শিপমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে এনভিডিয়া। যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ বিধি মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় সার্ভার সরবরাহ স্থগিত করার নির্দেশ দিয়েছে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি।
ওয়াল স্ট্রিট জার্নাল-এর বরাত দিয়ে টেকক্রাঞ্চ জানিয়েছে, ডেল এবং সুপার মাইক্রো-সহ অন্যান্য ম্যানুফ্যাকচারিং পার্টনারকে অনির্দিষ্টকালের জন্য এই চার দেশে সার্ভার পাঠানোর প্রক্রিয়া থামাতে বলা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ যেন চীনের হাতে না পৌঁছায়, সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রশাসন নজরদারি ও কড়াকড়ি বাড়ানোর প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এসব দেশের ডেটা সেন্টার থেকে চীনা প্রতিষ্ঠানগুলো দূরবর্তীভাবে (remotely) এনভিডিয়ার চিপ ব্যবহার করে আসছিল। চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এই সুযোগ বা ‘লুপহোল’ বন্ধ করে দেয়।
থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর প্রোগ্রেস-এর হিসাব অনুযায়ী, এ ধরনের দূরবর্তী ডেটা সেন্টারগুলো চীনের মোট এআই কম্পিউটিং সক্ষমতার প্রায় ২৪ শতাংশ সরবরাহ করে আসছে।


