টেকসিঁড়ি রিপোর্ট : চলতি সপ্তাহে বিশ্বনেতাদের বরণ করে নেওয়ার প্রস্তুতিতে চীনের প্রযুক্তির রাজধানী হিসেবে পরিচিত ব্যস্ত শহর শেনঝেনে নেমে এসেছে এক অস্বাভাবিক নীরবতা। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) ফোরামের শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে শহরটিতে গাড়ির হর্ন বাজানো নিষিদ্ধ করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে ডেলিভারি ড্রোনের কার্যক্রম এবং বাসিন্দাদের ব্যক্তিগত গাড়ি ঘরে রাখার অনুরোধ জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ প্রায় ২০টি দেশের শীর্ষ নেতারা এই সম্মেলনে অংশ নেবেন।
একটি সাধারণ কৃষিপ্রধান এলাকা থেকে শেনঝেন কীভাবে আজকের আধুনিক, সুশৃঙ্খল ও উচ্চপ্রযুক্তির শহরে রূপান্তরিত হয়েছে—বিশ্বের সামনে তা তুলে ধরার এটিই বড় সুযোগ বলে মনে করছেন চীনা কর্মকর্তারা।
মিডিয়া কর্মী ২৯ বছর বয়সী লিউ হর্ন নিষিদ্ধের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানুষ এখন আরও বিপজ্জনকভাবে লেন পরিবর্তন করছে, অথচ হর্ন বাজানোর উপায় নেই—চুপচাপ বসে দেখা ছাড়া কিছুই করার থাকে না।”
অন্যদিকে, শেনঝেনের অন্যতম প্রধান রপ্তানি পণ্য ও গর্বের প্রতীক ড্রোন ওড়ানোও বন্ধ রাখা হয়েছে। চীনের জনপ্রিয় ডেলিভারি প্রতিষ্ঠান মেইতুয়ান আগামী ১০ দিনের জন্য তাদের ড্রোন ডেলিভারি সেবা স্থগিত করেছে।
সাজসজ্জা ও জনজীবনে ভোগান্তি
সম্মেলনের মূল ভেন্যু তৈরি করা হয়েছে হানি লেক বা শিয়াংমিহুর পাশে। ১৯৮৫ সালে এখানে এশিয়ার অন্যতম বৃহৎ অ্যামিউজমেন্ট পার্ক ছিল, যার পরিত্যক্ত রোলার কোস্টারটি ২০২৪ সালে ভেঙে আর্থিক জেলা গড়ে তোলা হয়। বর্তমানে হ্রদের পাড়জুড়ে নতুন ফুলের বাগান ও চকচকে রাস্তা তৈরি করা হয়েছে।
তবে বিশ্বনেতাদের এই বিশাল আয়োজনের আড়ম্বর ও জনভোগান্তি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভেন্যুর কাছে বসবাসকারী চল্লিশোর্ধ্ব বাসিন্দা বিউ বলেন, “সাজসজ্জা দেখতে সুন্দর, কিন্তু এগুলো তো আমাদের করের টাকায় করা হচ্ছে।”
প্রধান সড়কগুলো বন্ধ থাকায় তিনি এ সপ্তাহে গাড়ি চালিয়ে অফিসে যেতে পারবেন না। তবে তার বড় দুশ্চিন্তা সন্তানদের দেখাশোনা নিয়ে। কারণ মঙ্গলবার থেকে শেনঝেনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চার দিনের শরৎকালীন ছুটি শুরু হয়েছে, কিন্তু শিক্ষকদের ছাড়া বড়দের অফিস খোলা রয়েছে। অবশ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠানগুলোকে বাসা থেকে কাজ (রিমোট ওয়ার্ক), ভিন্ন সময়ে অফিস বা সবেতন ছুটির ব্যবস্থা করতে উৎসাহিত করেছে।
সম্মেলনের প্রস্তুতি পৌঁছে গেছে বাসিন্দাদের পোশাক-আশাকেও। লিন নামের এক অফিস কর্মী জানান, যেসব পোশাকে ইংরেজি লেখা আছে এবং কর্মীরা তার অর্থ জানেন না, সেগুলো না পরতে তাদের প্রতিষ্ঠান থেকে নির্দেশ দেওয়া হয়েছে—যাতে অজান্তে কোনো অশ্লীল বা আপত্তিকর শব্দ প্রদর্শিত না হয়।
এদিকে শহরের বিভিন্ন আবাসিক এলাকার নিরাপত্তারক্ষীসহ কয়েক হাজার মানুষ ‘ভলান্টিয়ার’ (স্বেচ্ছাসেবক) লেখা লাল জ্যাকেট পরে দায়িত্ব পালন করছেন। নানশান জেলার নিরাপত্তারক্ষী গুও বলেন, “বস আমাদের এগুলো পরতে বলেছেন।” তবে জ্যাকেটে কী লেখা আছে তা তিনি জানেন না জানিয়ে বলেন, “আমি ইংরেজি জানি না।”
রয়টার্স থেকে


