টেকসিঁড়ি রিপোর্ট : গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ‘জেমিনি’অ্যাপটি প্রতি মাসে অন্তত একবার ব্যবহার করেন—এমন সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১ শ কোটি বা ১ বিলিয়ন অতিক্রম করেছে। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এবং এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই আনুষ্ঠানিকভাবে এই তথ্য ঘোষণা করেছেন।
গুগল প্রধান নির্বাহী যা বললেন
সিইও সুন্দর পিচাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঘোষণা দিয়ে জানান, জেমিনি হলো গুগলের ইতিহাসের সবচেয়ে দ্রুততম সময়ে বৃদ্ধি পাওয়া সেবা। এটি সার্চ, ইউটিউব, জিিমেইল ও অ্যান্ড্রয়েডের পর গুগলের ১৪তম সেবা যা ১ শ কোটি ব্যবহারকারীর অনন্য মাইলফলক স্পর্শ করল।
প্রতিবেদন অনুযায়ী, এই ১ শতকোটির হিসাবটি শুধুমাত্র স্বতন্ত্র জেমিনি অ্যাপ ও ওয়েব সংস্করণের ব্যবহারকারীদের নিয়ে তৈরি। গুগল সার্চ, ওয়ার্কস্পেস বা অ্যান্ড্রয়েড সিস্টেমের ব্যাকগ্রাউন্ডে যারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছেন, তাদের এই সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি।
কোনো সার্ভিসে বাধ্য হয়ে ব্যবহার করার বদলে মানুষ যে নিজে থেকে ডেডিকেটেড বা নির্দিষ্ট এআই অ্যাসিস্ট্যান্ট বেছে নিচ্ছেন—জেমিনির এই বিপুল বৃদ্ধি তারই প্রমাণ।
বদলে গেছে ব্যবহারকারীর অভ্যাস
ব্যবহারকারীদের অভ্যাসের ক্ষেত্রেও বড় ধরণের পরিবর্তন লক্ষ্য করা গেছে। তথ্য বলছে , জেমিনি ব্যবহারকারীদের প্রায় ৬৩ শতাংশ মানুষ এখন টাইপ না করে সরাসরি কণ্ঠস্বর বা ভয়েসের মাধ্যমে অ্যাপটির সাথে কথা বলছেন। এর মধ্যে ‘জেমিনি লাইভ’ ফিচারে প্রতি ৫ জনের ১ জন ব্যবহারকারী রিয়েল-টাইমে ক্যামেরা ফিড বা স্ক্রিন শেয়ার করে তাদের সমস্যার সমাধান নিচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থীরা পড়াশোনা সংক্রান্ত প্রশ্ন অনুসন্ধানের সময় ৩৮ শতাংশ ক্ষেত্রেই বিভিন্ন ফাইল ও ফাইল অ্যাটাচমেন্ট যুক্ত করছেন।
অন্যান্য প্ল্যাটফর্মেও জেমিনির ব্যবহার দ্রুত বাড়ছে। অ্যাপল-এর আইওএস সিস্টেমে জেমিনির সক্রিয় ব্যবহারকারী ইতিমধ্যে ১০ কোটি ছাড়িয়ে গেছে। এছাড়া জেমিনি অ্যাপটি দিয়ে বিশ্বজুড়ে প্রতিদিন প্রায় ১৫ কোটি (150 million) ছবি তৈরি হচ্ছে।
প্রতিযোগী প্রতিষ্ঠান ওপেনএআই -এর ‘চ্যাটজিপিটি’ ১ শ কোটি ব্যবহারকারীর ঘরে পৌঁছানোর পর গুগলও দ্রুত এই প্রতিযোগিতায় নিজের অবস্থান মজবুত করে নিল।
আরো পড়ুন
৪০ লাখ জিএম যানবাহনে আসছে গুগল জেমিনি
সুত্র – টেকক্রাঞ্চ


