টেকসিঁড়ি রিপোর্ট : রোবোটিক্স খাতে এআই বাবল? ইউনিট্রি-এর শেয়ারের পতন প্রযুক্তি জগতে উসকে দিল নতুন বিতর্ক। চীনের সুপরিচিত হিউম্যানয়েড (মানব সদৃশ) রোবট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনিট্রি টেকনোলজির শেয়ার বাজারে লেনদেন শুরুর পর বিশাল দরপতনের মুখে পড়েছে।
এই দরপতনের কারণে বাজার থেকে কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল বা বাজার মূলধন কয়েক দিনেই কোটি কোটি ইউয়ান হ্রাস পেয়েছে।
খাত সংশ্লিষ্টদের মতে, ইউনিট্রি-এর শেয়ারের এই ধস উদীয়মান টেক প্রযুক্তিতে অতিরিক্ত মূল্যায়নের ঝুঁকির কথা স্মরণ করিয়ে দিচ্ছে। প্রথম দিনেই ৪৬০% লাফিয়েও দরপতন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স খাতের অতি-মূল্যায়ন নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ ।
১৯ আগস্ট সাংহাইয়ের টেক-হেভি ‘স্টার মার্কেটে’ (STAR Market) তালিকাভুক্ত হওয়ার প্রথম দিনে ইউনিট্রি-এর শেয়ারের দাম প্রাথমিক আইপিও মূল্য ১৫০.৮০ ইউয়ান থেকে ৫ গুণেরও বেশি বেড়ে সর্বোচ্চ ১,১০০ ইউয়ানে পৌঁছায় এবং প্রথম দিনের লেনদেন শেষে ৮৪৫ ইউয়ানে থিতু হয় (প্রায় ৪৬০% বৃদ্ধি)। তবে এরপর টানা কয়েকদিনের দরপতনে শেয়ারের দাম প্রায় ৪৫% কমে প্রায় ৬০৩ ইউয়ানে নেমে এসেছে।
শেয়ারের এই তীব্র পতনের ফলে বিনিয়োগকারী ও বাজার বিশ্লেষকদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স খাতের “মূল্যায়ন বুদবুদ” নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।
বাজার বিশেষজ্ঞরা বলছেন , এআই এবং রোবোটিক্স খাত নিয়ে বাজারে যে তীব্র উন্মাদনা ও আবেগ তৈরি হয়েছিল, কোম্পানিগুলোর বাস্তব আর্থিক ভিত্তি বা উপার্জন ক্ষমতা তার তুলনায় পিছিয়ে আছে।


