টেকসিঁড়ি রিপোর্ট : একটি আধুনিক আর্থ অবজারভেশন স্যাটেলাইট ব্যবস্থা চালু হলে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমি, পানি, কৃষি, বনাঞ্চল ও পরিবেশগত পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এর মাধ্যমে সরকারি সিদ্ধান্ত গ্রহণ আরও তথ্যনির্ভর ও কার্যকর করা যাবে।
বৃহস্পতিবার বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান এক সেমিনারে এই কথা বলেন।
বৃহস্পতিবার , ২৫ জুন দেশের দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, বনাঞ্চল, ভূমি ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) আয়োজিত “Bangladesh’s Proposed Earth Observation Satellite System” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
রাজধানীর হোটেল গ্র্যান্ড প্যালেসে অনুষ্ঠিত এ সেমিনারে প্রস্তাবিত আর্থ অবজারভেশন স্যাটেলাইট ব্যবস্থার সম্ভাবনা, ব্যবহার ও দেশের বিভিন্ন খাতে এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান নির্বাহী আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বন্যার ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত, পানির প্রবাহ পর্যবেক্ষণ এবং ক্ষয়ক্ষতি কমাতে আগাম তথ্য ব্যবহারে এই স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে কৃষি উৎপাদন পর্যবেক্ষণ, ফসলের অবস্থা বিশ্লেষণ, রোগবালাই ও পানির সংকট চিহ্নিত করতেও এই প্রযুক্তি সহায়ক হবে।
সেমিনারে বক্তারা জানান, আর্থ অবজারভেশন স্যাটেলাইটের মাধ্যমে বনাঞ্চলে অবৈধ কার্যক্রম শনাক্তকরণ, নদীভাঙন পর্যবেক্ষণ, উপকূলীয় পরিবর্তন বিশ্লেষণ, ভূমি জরিপ এবং নগর পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব (কোম্পানি) মোঃ মোতাছিম বিল্লাহ। তিনি আর্থ অবজারভেশন স্যাটেলাইটের প্রয়োজনীয়তা তুলে ধরে সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা ও সম্ভাব্য ব্যবহার তুলে ধরার পাশাপাশি প্রস্তাবিত স্যাটেলাইট ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে টেকনিক্যাল উপস্থাপনা করেন বিএসসিএলের সহকারী মহাব্যবস্থাপক এস. এম. আনোয়ারুল আজিজ। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বিএসসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন ও ক্রয়) মো. গোলাম সারোওয়ার এবং মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম।
বিএসসিএল মনে করে, আর্থ অবজারভেশন স্যাটেলাইট ব্যবস্থা বাস্তবায়িত হলে বাংলাদেশের দুর্যোগ মোকাবিলা, কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই পরিকল্পনা প্রণয়নে নতুন মাত্রা যুক্ত হবে।


