34 C
Dhaka
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

বাংলাদেশ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ এক ও অভিন্ন : পলক

টেকসিঁড়ি রিপোর্ট : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মাত্র ৪টি লাইনে বঙ্গবন্ধু তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার একটা দিক নির্দেশনা দিয়েছিলেন, যেমনটা দিয়েছিলেন ৭ই মার্চের ভাষণে আমাদের মহান স্বাধীনতার।

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘আমাদের এই স্বাধীনতা তখনি পূর্ণ হবে, যখন আমার কৃষক-শ্রমিকরা পেট ভরে ভাত খেতে পাড়বে; যখন আমার মা-বোনেরা পরনের কাপড় পাবে, যখন আমার যুবকরা চাকরি বা কাজ পাবে’।

মঙ্গলবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।

তিনি বলেন, একইভাবে স্বাধীনতার পর মাত্র ৯ মাসের মধ্যে বিশ্বের অন্যতম সংবিধান আমাদেরকে উপহার দিয়েছেন বঙ্গবন্ধু, যেখানে নাগরিকের ৫টি মৌলিক অধিকার রাষ্ট্রের দ্বারা নিশ্চিত করার অঙ্গীকার করেছিলেন। জাতির পিতা বিজ্ঞানমনস্ক একটা জাতি গড়ার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধু তাঁর দূরদর্শিতা দিয়ে উপলব্ধি করেছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিই হবে আমাদের অর্থনীতির অন্যতম হাতিয়ার এবং শিক্ষাই হবে সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির অন্যতম হাতিয়ার, তাই বিশ্বের সাথে আমাদের টেলিযোগাযোগ স্থাপন করতে হবে এবং সহযোগীতার ভিত্তিতে প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর জাতির পিতার স্বপ্ন ও আদর্শের সম্পূর্ণ উল্টো দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। তাই আজ আমি সকলের প্রতি আহ্বান করতে চাই- বাংলাদেশ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ এক ও অভিন্ন এই তিনটি ইস্যুতে সকল শ্রেনী-পেশা নির্বিশেষে আমাদের কোন বিতর্ক থাকা উচিৎ নয়।

পলক বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেই উল্টো পথের যাত্রা থেকে আমাদের দেশ ও জাতিকে উদ্ধার করেছেন এবং সৃজনশীল নেতৃত্বের মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছেন মধ্যম আয়ের প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ।

প্রতিমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশে বর্তমানে কয়েক লক্ষাধিক নারী ই-কমার্স উদ্যোক্তা, সাড়ে ৬ লক্ষাধিক ফ্রিল্যান্সার, আইটি খাতে ২০ লক্ষাধিক তরুণের কর্মসংস্থান, কয়েক হাজার আইটি ও আইটিইএস কোম্পানি তৈরি হয়েছে; মেট্রোরেল, পদ্মাসেতু ও রূপপূর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের মতো মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত হয়েছে, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে এবং মানুষের হাতের মুঠোয় পৌঁছে গেছে অধিকাংশ সরকারি সেবা।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, তথ্য ও যোগাযোগ বিভাগের সচিব জনাব মোঃ সামসুল আরেফিন, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ড. শাহজাহান মাহমুদ, বিটিআরসি’র চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জনাব রণজিৎ কুমার, বাংলালিংক ব্যবস্থাপনা পরিচালক এরিক অস ও টেলিটক ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান।

Related posts

দেশে আসছে গুগল পে

Tahmina

ব্র্যাকইউ অলটার যাবে নেদারল্যান্ডে আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায়

Samiul Suman

প্রযুক্তি নির্ভর ক্ষুদ্র ও মাঝারী নারী উদ্যোক্তাদের অনুদান দিচ্ছে আইডিয়া

Tahmina

Leave a Comment