টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স ইন্টারনেট এক্সচেঞ্জ ট্রাস্ট ও ইন্টারনেট সোসাইটির যৌথ সহযোগীতায় দেশজুড়ে দ্বিগুণ গতির নিরবিচ্ছন্ন ও সুরক্ষিত এবং প্রান্তিক জনগোষ্ঠিকে স্বল্প মূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে রাজশাহী বিভাগে স্থাপিত হয়েছে আইএসপিএবি-নিক্স এর আঞ্চলিক পপ”।
রাজশাহী বিভাগে নিক্স স্থাপনের ফলে ইন্টারনেট ব্যবসায়ীদের আন্ত:সংযোগের সক্ষমতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগণের মধ্যে বিশ্বস্ত ইন্টারনেট সেবা নিশ্চিত হবে।
রাজশাহী বিভাগের ৮টি জেলার আইএসপি প্রতিষ্ঠান ছাড়াও, এনটিটিএন, আইআইজি , সরকারী -বেসরকারী সকল প্রতিষ্ঠান এই সুবিধা ভোগ করতে পারবে। এখন থেকে আইএসপি প্রতিষ্ঠানগুলো আঞ্চলিক এই পপ এর সাথে সংযুক্ত হয়ে দ্রুত গতির নিরবচ্ছিন্ন , সুরক্ষিত ও স্বল্প মূল্যের ইন্টারনেট সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবে।
আইএসপিএবিনিক্স বাংলাদেশে উন্নত ইন্টারনেট সেবা ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য একটি কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করছে। এর মাধ্যমে সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সামগ্রিক ইন্টারনেট কর্মক্ষমতা বাড়তে পারে।
ইতোপৃর্বে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ বিভাগে আইএসপিএবি-নিক্স পপ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয়ভাবে অভ্যন্তরীণ ইন্টারনেট ব্যান্ডউইথ বিনিময় করে, আইএসপিগুলো ব্যয়বহুল আন্তর্জাতিক ব্যান্ডউইথ সংযোগের ওপর তাদের নির্ভরতা কমাতে পারছে।
এছাড়া, এই নিক্স পপ এ ক্যাশ সার্ভিস স্থাপনের মাধ্যমে সাধারণ জনগণের কাছে স্বল্প মূল্যে অধিক পরিমাণ ব্যান্ডউইথ সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। উন্নত ইন্টারনেট পারফরম্যান্সের সঙ্গে এটি ই – কমার্স, মিডিয়া, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মতো সেক্টরে উদ্ভাবন, উদ্যোক্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উদ্দীপিত করবে। সর্বোপরি এটি প্রান্তিক জনগণের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
উল্লেখ্য আঞ্চলিক আইএসপি প্রতিষ্ঠানগলো রাজশাহী নিক্স পপের সাথে সংযুক্ত হয়ে সেবা প্রদান শুরু করলেও এর আনুষ্ঠানিক উদ্ভোধন পরবর্তী মাসের মধ্যে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।


