টেকসিঁড়ি রিপোর্ট : স্যামসাং আনলো তাদের প্রথম ক্রেডিট কার্ড—‘স্যামসাং গ্যালাক্সি কার্ড’। দৈনন্দিন কেনাকাটায় ক্যাশব্যাক সুবিধা দেওয়ার পাশাপাশি স্যামসাংয়ের পণ্য এবং নতুন ডিভাইস ক্রয়ে বিশেষ ক্যাশ রিওয়ার্ডের সুবিধা নিয়ে এসেছে এই নতুন কার্ড। স্যামসাং ইলেকট্রনিক্স , আমেরিকা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে এই কার্ড।
ভিসা (Visa) নেটওয়ার্কে ‘বার্কলেস ইউএস কনজিউমার ব্যাংক’ (Barclays US Consumer Bank)-এর মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি কার্ডটি ইস্যু করা হচ্ছে। ভার্চুয়াল এবং প্রিমিয়াম মেটাল ফিজিক্যাল (কালো রঙের স্যামসাং লোগোসহ) দুই রূপেই এটি ব্যবহার করা যাবে।
যেভাবে আবেদন করা যাবে:
২২ জুলাই, ২০২৬ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেকোনো স্যামসাং রিটেইল স্টোর বা অনলাইনে এই কার্ডের জন্য আবেদন করা যাবে। এছাড়া অ্যাকাউন্ট খোলার প্রথম ৯০ দিনের মধ্যে ২,০০০ ডলার খরচ করলে অতিরিক্ত ২০০ ডলার বোনাস ক্যাশ রিওয়ার্ড পাওয়ার সুযোগ রাখা হয়েছে।
স্যামসাং ইলেকট্রনিক্সের ডিজিটাল ওয়ালেট টিমের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওনচুল চাই জানান, “গ্রাহকদের জীবনকে আরও সহজ করতে এবং কেনাকাটায় প্রকৃত মূল্য ফিরিয়ে দিতেই এই স্যামসাং গ্যালাক্সি কার্ড নিয়ে আসা হয়েছে।”
স্যামসাং গ্যালাক্সি কার্ডটি স্যামসাং ওয়ালেটের (Samsung Wallet) সাথে দারুণভাবে ইন্টিগ্রেটেড, ফলে ব্যবহারকারীরা ডিজিটাল আইডি, পাস বা ডিজিটাল কি-এর সাথেই নিরাপদে এই কার্ড সংরক্ষণ করতে পারবেন। নিরাপত্তার জন্য এতে যুক্ত রয়েছে স্যামসাংয়ের ডিফেন্স-গ্রেড নিরাপত্তা প্ল্যাটফর্ম ‘স্যামসাং নক্স’ (Samsung Knox)।
স্যামসাং গ্যালাক্সি কার্ডের প্রধান সুবিধা ও ক্যাশ রিওয়ার্ড :
ভিআইপি সুবিধা: স্যামসাং ভিআইপি অ্যাডভান্টেজ (Samsung VIP Advantage) মেম্বারশিপে ২০% ছাড় এবং এর মেম্বারশিপ কেনা বা নবায়নে ৫% ক্যাশ রিওয়ার্ড।
স্যামসাং পণ্য কেনাকাটায়: স্যামসাং থেকে সরাসরি যেকোনো কেনাকাটায় পাওয়া যাবে ৫% ক্যাশ রিওয়ার্ড।
স্যামসাং ওয়ালেট ব্যবহারে: স্যামসাং ওয়ালেট দিয়ে কেনাকাটা করলে মিলবে ৩% ক্যাশ রিওয়ার্ড।
স্ট্রিমিং সার্ভিসে: নেটফ্লিক্স, ডিজনি+ এবং স্পোটিফাইয়ের মতো স্ট্রিমিং সার্ভিসের বিলে ২% ক্যাশ রিওয়ার্ড।
অন্যান্য কেনাকাটায়: অন্যান্য সকল প্রকার কেনাকাটায় ১% ক্যাশ রিওয়ার্ড।
বর্তমানে যুক্তরাষ্ট্র ছাড়া বাংলাদেশ বা বিশ্বব্যাপী অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্য এই কার্ড সুবিধাটি চালু করা হয়নি। ভবিষ্যতে অন্য কোনো দেশে এটি চালু করা হবে কি না, সে বিষয়ে স্যামসাং এখনো কিছু জানায়নি।



