টেকসিঁড়ি রিপোর্ট : আইফোন এবং আইপ্যাড সংস্করণের অভিজ্ঞতাকে আরও সুসংগঠিত করতে অবশেষে ম্যাক (Mac) অ্যাপে তাদের বহুপ্রতীক্ষিত ‘লিকুইড গ্লাস’ ডিজাইন রিভ্যাম্প চালু করতে শুরু করেছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।
আইওএস ডিভাইসে লিকুইড গ্লাস ডিজাইনের প্রাথমিক পরীক্ষা গত অক্টোবরে শুরু হলেও দুই মাস আগে এটি ব্যাপকভাবে প্রকাশ করা হয়। এরপর গত মাসে ম্যাক অ্যাপের কিছু ইউজার ইন্টারফেসে পরিবর্তন আনা হলেও, এবার পুরোপুরি এই নতুন রূপ দেওয়ার কাজ শুরু হয়েছে।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচার ও হালনাগাদের আগাম তথ্য দেওয়া ওয়েবসাইট ‘ডব্লিউএবিটাইনফো’ (WABetaInfo)-র এক প্রতিবেদনে জানানো হয়, ব্যবহারকারীরা ম্যাক অ্যাপ স্টোরের সর্বশেষ আপডেটে বেশ কিছু নতুন রূপ দেখতে পাবেন ।
নতুন আপডেটে যেসব বড় পরিবর্তন থাকছে:
- নতুন সাইডবার ও রি-ডিজাইন: ম্যাক অ্যাপের সাইডবার, চ্যাট বার এবং অ্যাটাচমেন্ট মেনুতে নতুন আধুনিক লুক আনা হয়েছে।
- লক করা চ্যাটের জন্য নতুন সেকশন: আগে ম্যাক অ্যাপে সাধারণ চ্যাট লিস্টের ভেতরেই লক করা চ্যাটগুলো দেখা যেত। নতুন আপডেটে সাইডবারে এর জন্য আলাদা সেকশন যুক্ত করা হয়েছে। এখন থেকে আইফোনের মতোই ম্যাক-এও বায়োমেট্রিক বা পাসকোড অথেন্টিকেশনের মাধ্যমে চ্যাট আনলক করতে হবে।
- কমিউনিটি সেকশন: চ্যাট লিস্ট থেকে খুঁজে নেওয়ার বদলে এখন সরাসরি সাইডবার থেকেই ‘কমিউনিটি’ বিভাগে যুক্ত হওয়া যাবে।
হোয়াটসঅ্যাপের যেকোনো আপডেটের মতোই এটিও বর্তমানে সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ম্যাক ব্যবহারকারীর অ্যাকাউন্টে নতুন এই ইন্টারফেস সুবিধাটি পৌঁছে যাবে।


