টেকসিঁড়ি রিপোর্ট : অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি আয়োজিত কোডিং ফেস্ট ২০২৬-এ ‘বেস্ট প্রজেক্ট ইন এআই ফর এডুকেশন’ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর একটি গবেষক দল। ‘Sikkhai’ শীর্ষক উদ্ভাবনী প্রকল্পের জন্য ২৮ জুলাই দলটি এ সম্মানজনক পুরস্কার অর্জন করে।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই প্রকল্পটি আধুনিক শিক্ষা ব্যবস্থাকে আরও সহজলভ্য, বুদ্ধিমান এবং শিক্ষার্থী-কেন্দ্রিক করে তোলার লক্ষ্যে উন্নয়ন করা হয়েছে।
কোডিং ফেস্ট ২০২৬-এ ইউএফটিবি-এর গবেষক দল মোট চারটি গবেষণাপত্র উপস্থাপন করেন এবং চারটিই সম্মেলনে গৃহীত হয়। এর মধ্যে পুরস্কারপ্রাপ্ত ‘Sikkhai’ গবেষণাপত্রের লেখক হলেন এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী মো. তাহসান ইসলাম, তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মো. তানজিম আলম তাসিন, ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সৌরভ চন্দ্র দাস এবং এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুজ্জামান। সম্মেলনে গৃহীত অপর তিনটি গবেষণাপত্রও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষকের উদ্ভাবনী গবেষণার ফল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোক্তার আলী এ অর্জনের জন্য গবেষক দলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন এবং বৈশ্বিক একাডেমিক সম্পৃক্ততার ক্রমবর্ধমান উৎকর্ষতার প্রতিফলন। ভবিষ্যতেও সকল ধরনের গবেষণায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সৌরভ চন্দ্র দাস আন্তর্জাতিক সম্মেলনে দলের চারটি গবেষণাপত্রই উপস্থাপন করেন। পুরস্কার গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করে সৌরভ চন্দ্র দাস বলেন, “এই অর্জন বাংলাদেশের গবেষকদের ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন। এটি শুধু আমাদের দলের নয়, বরং বাংলাদেশের গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত সম্ভাবনার আন্তর্জাতিক স্বীকৃতি।
সম্মেলনে গৃহীত অন্যান্য গবেষণা প্রকল্পগুলোর মধ্যে ছিল ইইজি সিগন্যাল ব্যবহার করে নিউরো-সিম্বলিক এআইভিত্তিক সহায়ক যোগাযোগ ব্যবস্থা, ব্লকচেইন-সমন্বিত নিরাপদ ইলেকট্রনিক ভোটিং সিস্টেম এবং পরিবেশবান্ধব আইওটি-ভিত্তিক স্মার্ট কৃষি সমাধান। এসব প্রকল্প প্রযুক্তিগত উৎকর্ষতার পাশাপাশি বাস্তব জীবনে প্রয়োগ যোগ্যতার জন্যও প্রশংসিত হয়েছে।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি আয়োজিত Coding Fest 2026-এ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী, গবেষক ও শিল্পখাতের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্টারনেট অব থিংস (IoT), রোবোটিক্স এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তি নিয়ে উদ্ভাবনী গবেষণা ও প্রযুক্তিগত সমাধান প্রদর্শনের জন্য এ সম্মেলন আন্তর্জাতিকভাবে সুপরিচিত।


