টেকসিঁড়ি রিপোর্ট : আজ থেকে ৬৯ বছর আগে ৪ অক্টোবর সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘স্পুটনিক ১’ কক্ষপথে উৎক্ষেপণ করে মহাকাশ যুগের সূচনা করে। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মহাকাশ প্রতিযোগিতার সূত্রপাত ঘটে।
মহাকাশ প্রযুক্তির অবদান উদযাপনের উদ্দেশ্যে ১৯৯৯ সালে জাতিসংঘ ৪ থেকে ১০ অক্টোবর সময়কালকে ‘বিশ্ব মহাকাশ সপ্তাহ’ হিসেবে ঘোষণা করে। বর্তমানে ৮০টিরও বেশি দেশ কক্ষপথে স্যাটেলাইট পাঠিয়েছে এবং ৫০টিরও বেশি দেশের নাগরিক মহাকাশ ভ্রমণ করেছেন।
প্রথম মানব ও চাঁদে পদক্ষেপ
১৯৬১ সালের ১২ এপ্রিল সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিন ‘ভোস্টক ১’ মহাকাশযানে চেপে বিশ্বের প্রথম মানব হিসেবে মহাকাশে পাড়ি জমান। তিনি ১০৮ মিনিটের এ ফ্লাইটে ঘণ্টায় প্রায় ২৭,৪০০ কিলোমিটার গতিতে পৃথিবী প্রদক্ষিণ করেন। পরবর্তীতে ১৯৬৯ সালের ২০ জুলাই মার্কিন সংস্থা নাসার অ্যাপোলো ১১ মিশনের মাধ্যমে নীল আর্মস্ট্রং চাঁদে পা রাখা প্রথম ব্যক্তি হন।
মহাকাশের সীমানা কোথায়?
মহাকাশের সূচনার নির্দিষ্ট সীমানা নিয়ে একক কোনো মত নেই। বেশিরভাগ আন্তর্জাতিক সংস্থা ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার (৬২ মাইল) উপরের ‘কারমান লাইন’ (Kármán line)-কে সীমানা হিসেবে ধরে। তবে মার্কিন সামরিক বাহিনী ও নাসা ৮০ কিলোমিটারের (৫০ মাইল) বেশি উচ্চতায় যাওয়া ব্যক্তিদেরও মহাকাশচারী গণ্য করে। তুলনামূলকভাবে চিন্তা করলে, পৃথিবী যদি একটি আপেল হতো, তবে মহাকাশের সীমানা হতো ঠিক তার খোসার মতো পাতলা দূরত্বের সমান।
মহাকাশে মানুষের পরিসংখ্যান ও দেশভিত্তিক অবদান
কারমান লাইনের পরিমাপ অনুযায়ী, পেশাদার মহাকাশচারী এবং অর্থের বিনিময়ে যাওয়া পর্যটক মিলিয়ে ৫২টি দেশের অন্তত ৭৪৬ জন মানুষ মহাকাশে ভ্রমণ করেছেন। তবে মহাকাশ যাত্রায় এখনো দুটি দেশ মূল আধিপত্য ধরে রেখেছে ঃ
- যুক্তরাষ্ট্র: সর্বোচ্চ ৩৬৯ জন মানুষকে মহাকাশে পাঠিয়েছে।
- সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়া: যৌথভাবে ১৩৮ জন নাগরিক মহাকাশে গেছেন।
- চীন : নিজস্ব রকেটে মানুষ পাঠানো তৃতীয় দেশ হিসেবে ২৯ জনকে মহাকাশে পাঠিয়েছে।
মহাকাশযাত্রায় নারীদের অংশগ্রহণ
মহাকাশ ভ্রমণ এখনো মূলত পুরুষপ্রধান একটি ক্ষেত্র। মহাকাশে যাওয়া ৭৪৬ জনের মধ্যে নারী মাত্র ১১২ জন (প্রায় ১৫ শতাংশ)। ১৯৬৩ সালের জুনে সোভিয়েত নভোচারী ভ্যালেন্টিনা তেরেশকোভা প্রথম নারী হিসেবে মহাকাশে যান। এর ২০ বছর পর ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্র তাদের প্রথম নারী মহাকাশচারী স্যালি রাইডকে পাঠায়। তবে বাণিজ্যিক মহাকাশ ফ্লাইট শুরু হওয়ার পর থেকে নারীদের অংশগ্রহণের হার ক্রমশ বাড়ছে।
বয়স ও বাণিজ্যিক মহাকাশ ভ্রমণের প্রভাব
মহাকাশচারীদের প্রায় ৮৫ শতাংশই তাঁদের প্রথম যাত্রাকালে ৩০ থেকে ৪০ বছর বয়সী ছিলেন, যার গড় বয়স ৪০। তবে সাম্প্রতিক বাণিজ্যিক মহাকাশ ফ্লাইটের কারণে বয়সের এই পরিসর অনেক প্রসারিত হয়েছে। মহাকাশে যাওয়া সবচেয়ে সর্বকনিষ্ঠ ব্যক্তি হলেন ১৮ বছর বয়সী অলিভার ডেমেন (২০২১ সাল) এবং অন্যদিকে, ২০২৪ সালে ৯০ বছর ৮ মাস বয়সে মহাকাশে গিয়ে প্রবীণতম মহাকাশযাত্রীর রেকর্ড গড়েন এড ডোয়াইট।



