টেকসিঁড়ি রিপোর্ট : ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর লালমনিরহাট ক্যাম্পাস (মহেন্দ্রনগর, লালমনিরহাট) এই প্রতিযোগিতার আয়োজন করেছে। দেশজুড়ে ৭৪টি দলের মোট ২৯৬ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী তিন বছরের মধ্যে দেশে তৈরি নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানো এবং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যের কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে। প্রযুক্তির এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনী ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম হবে। যথাযথ সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে।
নতুন নতুন ভাবনা নিয়ে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। তরুণদের মেধা কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চায় সরকার। অন্যের প্রযুক্তি ব্যবহার করে নয়, নিজেদের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।
প্রতিযোগিতার বিভাগগুলি হলো – ফিক্সড-উইং ইউএভি (Fixed-wing UAV), রোটরক্রাফট (Rotorcraft), স্পেস রোবোটিক্স (Space Robotics) এবং সকার বট (Soccer Bot)।
প্রতিযোগিতার উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন , গাছ লাগান প্রধানমন্ত্রী তারেক রহমান।



