টেকসিঁড়ি রিপোর্ট : বিশ্বজুড়ে প্রযুক্তি জায়ান্ট বা ‘বিগ টেক’ কোম্পানিগুলোর প্রভাব ও ক্ষমতা যেভাবে বাড়ছে, তাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিরাপত্তা কৌশল নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে মন্তব্য করেছেন ইইউর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তেরেসা রিবেরা। লিসবনে দেওয়া এক বক্তব্যে তিনি এই কথা বলেন।
প্রতিবেদন অনুযায়ী, ডিজিটাল বাজার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে হাতে গোনা কয়েকটি প্রভাবশালী প্রযুক্ত প্রতিষ্ঠানের একচ্ছত্র আধিপত্য ইউরোপের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে।
এই পরিস্থিতি মোকাবিলায় প্রথাগত ধারণার বাইরে গিয়ে নীতিনির্ধারক ও প্রতিযোগিতা কমিশনগুলোকে আরও কঠোর ও যুগোপযোগী পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
বিশেষ করে, বড় প্রযুক্তি কোম্পানিগুলো যাতে তাদের অতীতের একচেটিয়া বাজার সুবিধা ব্যবহার করে নতুন উদীয়মান প্রযুক্তি বা এআই খাত দখল করতে না পারে, সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন কঠোর নজরদারি অব্যাহত রাখবে বলে ইঙ্গিত দিয়েছেন ইইউর এই শীর্ষ কর্মকর্তা।
“এই নতুন পদ্ধতিগুলো প্রয়োগের ক্ষেত্রে আমাদের বেশ দ্রুত হতে হবে… এটি নিরাপত্তা, গণতন্ত্র এবং (আমাদের) মূল্যবোধের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়,” তিনি বলেন।
রিবেরা ইউরোপে সাম্প্রতিক সাইবার হামলার কথা উল্লেখ করেন, যার ফলে রেফ্রিজারেটর অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল, পরিবহন পরিষেবা ব্যাহত হয়েছিল এবং মলদোভাসহ বিভিন্ন দেশের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হয়েছিল।
কিন্তু তিনি এনভিডিয়া এবং ওপেনএআই-এর সাথে জড়িত সাম্প্রতিক নিরাপত্তা-সম্পর্কিত ঘটনাগুলোর বিষয়ে নির্দিষ্টভাবে মন্তব্য করতে অস্বীকার করেন।


