টেকসিঁড়ি রিপোর্ট : ইন্টারন্যাশনাল ইয়ুথ নিউক্লিয়ার কংগ্রেস ২০২৬ সম্মেলনে বাংলাদেশ ইয়ুথ নিউক্লিয়ার কংগ্রেস (BYNC) সেরা ইয়াং জেনারেশন নেটওয়ার্ক হিসেবে গৌরব অর্জন করেছে। বিশ্বের নিউক্লিয়ার তরুণ সমাজের সামনে বাংলাদেশ দল জুয়ান আলবার্তো গনজালেজ গারিদো অ্যাওয়ার্ড গ্রহণ করেছে।
বড় পর্দায় যখন বাংলাদেশ ইয়ুথ নিউক্লিয়ার কংগ্রেস এর নাম ভেসে উঠল, পুরো হলজুড়ে দেখা গেল বাংলাদেশের পতাকা। একদল শিক্ষার্থীর সাহসী স্বপ্ন থেকে যাত্রা শুরু করা একটি সংগঠনের জন্য এটি ছিল অবিস্মরণীয় এক মুহূর্ত।
৪ থেকে ৯ অক্টোবর পর্যন্ত ফ্রান্সের আভিনিওঁ-এর ঐতিহাসিক পালে দে পাপে-তে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ইয়ুথ নিউক্লিয়ার কংগ্রেস ২০২৬।
I4N আঞ্চলিক ফাইনালের বিজয়ী হিসেবে, RadSafe I4N গ্লোবাল ফাইনালে বাংলাদেশ ইয়ুথ নিউক্লিয়ার কংগ্রেস এর প্রতিনিধিত্ব করেছে। মুবিন হোসেন ওমিও এবং মুনেম শাহরিয়ার ইসলাম সীমান্ত কার্যকরী প্রোটোটাইপ এবং একটি সুস্পষ্ট বাজারজাতকরণ পরিকল্পনার সমর্থনে স্মার্টফোনে সরাসরি বিকিরণ ম্যাপিং উপস্থাপন করেন।
এবারের থিম: “পরিবর্তনের শৃঙ্খল,” যা পারমাণবিক খাতে যুব নেতৃত্ব, পরিচ্ছন্ন জ্বালানি উদ্ভাবন এবং বৈশ্বিক সহযোগিতার উপর আলোকপাত করে।
এই প্রথম দক্ষিণ এশিয়া থেকে কোনো দল এই পর্যায়ে পৌঁছেছে।
এটি কোনো অংশগ্রহণের সনদ নয়, কোনো আনুষঙ্গিক পুরস্কারও নয়। জুয়ান আলবার্তো গনজালেজ গারিদো অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল ইয়ুথ নিউক্লিয়ার কংগ্রেস ( IYNC ) এর নিজস্ব স্বীকৃতি, যা দেওয়া হয় এমন একটি জাতীয় বা মহাদেশীয় ইয়াং জেনারেশন নেটওয়ার্ককে, যারা তরুণ পেশাজীবীদের জন্য অসাধারণ সেবা দিয়েছে, সদস্যদের কাছ থেকে প্রকৃত তৃণমূল সমর্থন পেয়েছে এবং এমন নানা আয়োজন করেছে যা থেকে মানুষ সত্যিই উপকৃত হয়।
বাংলাদেশ ইয়ুথ নিউক্লিয়ার কংগ্রেস এই প্রতিটি মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে, আর সম্মেলন তা উচ্চকণ্ঠে স্বীকার করেছে।
বিশ্বের অন্যান্য ইয়াং জেনারেশন নেটওয়ার্ক, যেমন জাতিসংঘ, রাশিয়া, ইউরোপিয়ান নিউক্লিয়ার সোসাইটি (ENS), এশিয়া (AYGN), জাপান, উত্তর আমেরিকা ইত্যাদিকে ছাড়িয়ে বাংলাদেশ (BYNC) বিশ্বের সেরা ইয়াং জেনারেশন নেটওয়ার্ক অ্যাওয়ার্ড জিতেছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর সহযোগিতায় এবং ফ্রান্স ইয়ুথ জেনারেশন ইন নিউক্লিয়ার (SFEN Jeunes Génération)-এর অংশীদারিত্বে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে ।


