টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ ১৪ আগস্ট থেকে দেশজুড়ে চালু করতে যাচ্ছে ‘ফাস্ট ডেলিভারি’ সেবা। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহক বা বিক্রেতা—কারো ওপর কোনো অতিরিক্ত খরচ বা সারচার্জ না চাপিয়েই নির্ধারিত পণ্যগুলো আরও দ্রুত পৌঁছে দেওয়া হবে।
নতুন এই সুবিধা গ্রাহকদের অনলাইন কেনাকাটাকে যেমন আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করবে, তেমনি এটি দেশের ই-কমার্স খাতের সামগ্রিক উন্নয়নে দারাজের চলমান প্রচেষ্টারই একটি অংশ।
প্রাথমিকভাবে লাইফস্টাইল, এফএমসিজি (গ্রোসারিস), ইলেকট্রনিক্স ও ফ্যাশন বিভাগের প্রায় ৫০ হাজার পণ্য ফাস্ট ডেলিভারির আওতায় পাওয়া যাবে। সেবাটি নিশ্চিতে কাজ করবেন দেশের আড়াই হাজারেরও বেশি যাচাইকৃত বিক্রেতা, যারা দ্রুত পণ্য প্রস্তুত ও সময়মতো ডেলিভারির নির্ধারিত মান পূরণ করেছেন।
মূলত যেসকল বিক্রেতা নিয়মিত সেরা পারফরম্যান্স দেখান, তাদের পণ্যেই থাকবে এই বিশেষ ‘ফাস্ট ডেলিভারি’ ট্যাগ। সার্ভিসটি সফল করতে দারাজ তাদের লজিস্টিকস ব্যবস্থাকে সারা দেশে আরও বেশি শক্তিশালী করেছে।
সেবাটি সম্পর্কে দারাজ বাংলাদেশের চিফ কমার্শিয়াল অফিসার কামরুল হাসান জানান, আজকের গ্রাহকদের দ্রুত ডেলিভারির চাহিদার বিষয়টি মাথায় রেখেই তাদের এই পদক্ষপ। লজিস্টিকসে বিশেষ বিনিয়োগের মাধ্যমে গ্রাহকদের যেমন নিশ্চিন্তে কেনাকাটার সুযোগ তৈরি হচ্ছে, তেমনি বিক্রেতারাও দ্রুত বর্ধনশীল এই বাজারে নিজেদের আরও ভালোভাবে তুলে ধরতে পারছেন।
ঢাকা-ভিত্তিক বিক্রেতা নোমান আলীও মত প্রকাশ করে বলেন, ছোট ও মাঝারি ব্যবসার প্রতি গ্রাহকদের আস্থা বাড়াতে এই উদ্যোগ বেশ কার্যকর ভূমিকা রাখবে।
গ্রাহকরা কেনাকাটা করার সময় দারাজ অ্যাপ বা ওয়েবসাইটে প্রোডাক্ট পেজের বিশেষ ট্যাগ ও নতুন সার্চ ফিল্টারের মাধ্যমে সহজেই ‘ফাস্ট ডেলিভারি’র পণ্যগুলো খুঁজে নিতে পারবেন। পণ্য কেনাকাটার সাধারণ চেকআউট মূল্যের বাইরে কোনো অতিরিক্ত ফি বা হিডেন চার্জ প্রদান করতে হবে না। লজিস্টিকস ও বিক্রেতাদের সক্ষমতা বাড়াতে দারাজের এই ধারাবাহিক বিনিয়োগ দেশজুড়ে কোটি গ্রাহকের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে।



