টেকসিঁড়ি রিপোর্ট : প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া ওপেন সোর্স এআই প্ল্যাটফর্ম ‘হাগিং ফেস’ (Hugging Face) কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে। ১৩ বিলিয়ন (১,৩০০ কোটি) মার্কিন ডলারের এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে এআই শিল্পের ওপর এনভিডিয়ার নিয়ন্ত্রণ আরও জোরদার হবে। এটি এখন পর্যন্ত এনভিডিয়ার সবচেয়ে বড় কোনো অধিগ্রহণ (Acquisition) চুক্তি।
এনভিডিয়ার প্রধান নির্বাহীর বক্তব্য:
এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং (Jensen Huang) বলেন, “উন্মুক্ত মডেলে কাজ করার মাধ্যমে স্টার্টআপ, বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলো প্রতিবার নতুন করে মডেল তৈরি না করেই উন্নত প্রযুক্তির সুবিধা পাবে। এর ফলে কারখানা, হাসপাতাল, খামার ও শ্রেণীকক্ষে এআই-এর টেকসই ব্যবহার সম্ভব হবে।”
গত বছরই ৭ বিলিয়ন ডলার মূল্যায়নে এনভিডিয়ার বড় বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল হাগিং ফেস। তবে এবার ১৩ বিলিয়ন ডলারে চিপ জায়ান্ট এনভিডিয়ার অংশ হতে সম্মত হয়েছে নিউ ইয়র্কভিত্তিক ১০ বছরের পুরনো এই প্রতিষ্ঠানটি।
ওপেন-সোর্স বা উন্মুক্ত এআই মডেলের ব্যবহার দ্রুত ছড়িয়ে দেওয়াই এই চুক্তির মূল লক্ষ্য। ওপেনএআই বা অ্যানথ্রোপিকের মতো প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমিয়ে সাধারণ ব্যবসা, গবেষণা ও শিক্ষার্থীদের জন্য সহজে এআই ব্যবহারের সুযোগ তৈরি করতে চায় এনভিডিয়া।
হাগিং ফেস বর্তমানে ১৮ মিলিয়নেরও বেশি ডেভেলপারের পছন্দ এবং এতে ৩০ লাখের বেশি এআই মডেল ও ৫ লাখ ডাটা সেট রয়েছে। এনভিডিয়া প্রতিশ্রুতি দিয়েছে যে হাগিং ফেস আগের মতোই একটি উন্মুক্ত বা ‘ওপেন প্ল্যাটফর্ম’ হিসেবে থাকবে। এর নাম বা ব্র্যান্ডও পরিবর্তন করা হবে না।
২০২৭ সালের মধ্যে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আশা থাকলেও এটি বিভিন্ন দেশের প্রতিযোগিতা বিষয়ক নিয়ন্ত্রক সংস্থার কড়া নজরদারির মুখোমুখি হতে পারে।



