টেকসিঁড়ি রিপোর্ট : ড্রোন হামলার পর রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের ডেটা সেন্টারটির কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। রাশিয়ার প্রযুক্তি ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) জায়ান্ট ‘ইয়ান্ডেক্স’ এই তথ্য জানিয়েছে ।
রোববার , ১১ অক্টোবর প্রকাশিত রয়টার্সের প্রতিবেদন মতে , ড্রোন হামলায় প্রতিষ্ঠানটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে কোম্পানিটি। গত কয়েকদিনের মধ্যে ইয়ান্ডেক্সের কোনো ডেটা সেন্টারে এটি তৃতীয় বড় হামলার ঘটনা।
এর আগে কালুগা অঞ্চল এবং মস্কোর দক্ষিণ-পূর্বে অবস্থিত সাসোভো এলাকার ইয়ান্ডেক্সের ডেটা সেন্টারগুলোতেও ড্রোন হামলার ঘটনা ঘটেছিল, যা রুশ প্রযুক্তি অবকাঠামোতে ইউক্রেনীয় ড্রোন হামলার তীব্রতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।
ইয়ান্ডেক্স রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন পরিচালনার পাশাপাশি বিভিন্ন ডিজিটাল সেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে থাকে।



