টেকসিঁড়ি রিপোর্ট : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার স্টার্লিং এলাকায় অবস্থিত ‘ভান্টেজ ডাটা সেন্টার্স ভিএ২’ ক্যাস্পাসে এক মারাত্মক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই প্রতিষ্ঠানটির জরুরি ব্যাকআপ ডিজেল জেনারেটরগুলো চালু হয়ে যায় এবং একটানা প্রায় ২৪ ঘণ্টা ধরে চলতে থাকে।
হঠাৎ করে এতগুলো বিশাল জেনারেটর চালু হওয়ায় বিকট শব্দের পাশাপাশি বিষাক্ত ডিজেল জেনারেটরের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশের আবাসিক এলাকা। এতে চরম স্বাস্থ্যঝুঁকি ও দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।
শিল্পাঞ্চল ঘেঁষে বসবাসকারী স্থানীয় বাসিন্দা গ্রেগ পিরিও জানান, এই ডিজেল ধোঁয়ার প্রভাব সরাসরি তাঁর স্বাস্থ্যের ওপর পড়ে। এমনিতেই এলাকাটিতে ‘কোড রেড’ বায়ুদূষণের সতর্কতা চলছিল, তার ওপর এই ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হতে শুরু করায় এবং ফুসফুসে তীব্র যন্ত্রণা অনুভবের পর তিনি ঘরবাড়ি ছেড়ে বাধ্য হয়ে মেয়ের বাড়িতে আশ্রয় নেন।
প্রতিবেশীরা পরিমাপ করে দেখেন যে, তাঁদের বসতবাড়ির সীমানায় শব্দের মাত্রা প্রায় ৬০ ডেসিবেলে পৌঁছেছিল, যা কাউন্টির রাতের নির্ধারিত শব্দসীমার চেয়ে অনেক বেশি।
এই ঘটনার পর থেকে বিশ্বখ্যাত ‘ডাটা সেন্টার অ্যালে’ এলাকার দ্রুত সম্প্রসারণ এবং আশপাশের বাসিন্দাদের সুরক্ষায় কর্তৃপক্ষের নজরদারির অভাব নিয়ে নতুন করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পিরিও বিষাক্ত ধোঁয়ার বিষয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে ভার্জিনিয়া পরিবেশগত মান নিয়ন্ত্রণ বিভাগ। তারা জানায়, কোনো জরুরি পরিস্থিতিতে বা ইমার্জেন্সিতে দূষণকারী ব্যাকআপ জেনারেটর ব্যবহার বন্ধ করার মতো কোনো আইনি বা নিয়ন্ত্রক ক্ষমতা তাঁদের নেই।
নিয়ন্ত্রক সংস্থার এমন অসহায়ত্ব প্রকাশের বিষয়টি সামনে আসার পর স্থানীয় নেতারা জরুরিভিত্তিতে আইন সংস্কারের দাবি তুলেছেন।
পরিবেশকর্মীরা সতর্ক করে বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড স্টোরেজের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আবাসিক এলাকার কাছাকাছি ডাটা সেন্টারের ব্যাপ্তি যেভাবে বাড়ছে, তাতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর লাভের জন্য সাধারণ মানুষের স্বাস্থ্য ও পরিবেশকে চরম ঝুঁকিতে ফেলে দেওয়া হচ্ছে।
(সূত্র: ডব্লিউইউএসএ৯ নিউজের প্রতিবেদন অবলম্বনে)



