টেকসিঁড়ি রিপোর্টঃ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর নেটওয়ার্ক প্রকৌশলীদের জন্য তিন দিনের আইপিভি৬ প্রশিক্ষণ আয়োজন করেছে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) ও এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক)। “Enabling IPv6 in Campus Network” শীর্ষক এই কর্মসূচি ২০ থেকে ২২ নভেম্বর রমনার আইইবি সদর দপ্তরে ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি)-তে অনুষ্ঠিত হয়। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৮ জন প্রকৌশলী পুরো কোর্স শেষ করেছেন।
আইপিভি৪ এড্রেসের ষ্টক ফুরিয়ে যাওয়া এবং ক্যাম্পাসে ডিভাইসের সংখ্যা বাড়ার প্রেক্ষাপটে আইপিভি৬-এ রূপান্তর এখন জরুরি। অথচ দেশের অনেক ক্যাম্পাস নেটওয়ার্ক এখনও মূলত আইপিভি৪-নির্ভর, আর হাতে-কলমে দক্ষতার ঘাটতিও রূপান্তর ধীর করেছে। এই ঘাটতি পূরণই ছিল প্রশিক্ষণের লক্ষ্য।
এপনিকের টেকনিক্যাল ট্রেইনার মো. আবদুল আওয়াল, শায়লা শারমিন (প্রাইম ব্যাংক) ও কামরুল হাসান সাকিল (বিডিরেন) সেশনগুলো পরিচালনা করেন। অংশগ্রহণকারীরা আইপিভি৬-এর মৌলিক বিষয়, অ্যাড্রেস প্ল্যানিং ও বরাদ্দ এবং ক্যাম্পাসে বাস্তবায়নের ধাপগুলো শেখেন। প্রতিটি বিষয়ের সঙ্গে ছিল ল্যাব অনুশীলন। গ্রুপ অ্যাক্টিভিটি, আলোচনা ও নিয়মিত কুইজের মাধ্যমে প্রশিক্ষণ ছিল বেশ ইন্টারঅ্যাকটিভ, আর ভালো পারফরম্যান্সের জন্য ছিল উপহার।
২০ নভেম্বর কর্মসূচির উদ্বোধন করেন বিডিরেনের চিফ মার্কেটিং অফিসার এখলাস উদ্দিন আহমেদ। তিনি অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান নিজ নিজ ক্যাম্পাসে প্রয়োগের আহ্বান জানান। ২২ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে ম্যানেজার (সেলস) বিপ্লব চন্দ্র মহন্ত ভবিষ্যতে এ ধরনের আরও কর্মসূচির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পরে প্রশিক্ষণ সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
বিডিরেন একটি স্বায়ত্তশাসিত অলাভজনক ট্রাস্ট, যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে অংশীদারিত্বে দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ ও গবেষণা প্রতিষ্ঠানকে কানেকটিভিটি, ক্লাউড ও ই-রিসোর্স সেবা দেয়।


