টেকসিঁড়ি রিপোর্ট : অপারেটিং সিস্টেমে যুক্ত হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টগুলোর নজরদারি থেকে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে মোবাইল অ্যাপে স্ক্রিনশট নেওয়ার সুবিধা সীমিত করার ঘোষণা দিয়েছে জনপ্রিয় এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ সিগন্যাল।
শুক্রবার , ২০ নভেম্বর সিগন্যালের পক্ষ থেকে এই পদক্ষেপের কথা জানানো হয়। সিগন্যাল প্রধান মেরেডিথ হুইটেকার স্বীকার করেছেন যে স্ক্রিনশট বন্ধ করা একটি “অসম্পূর্ণ” সমাধান। কারণ, এআই এজেন্টগুলো আরও নানা গোপন বা সূক্ষ্ম উপায়ে অ্যাপ্লিকেশনের ডেটায় প্রবেশ করতে পারে, যা শুধু স্ক্রিনশট আটকে পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়।
তিনি অপারেটিং সিস্টেমগুলোতে এজেন্টিক এআই -এর অন্তর্ভুক্তিকে গোপনীয়তার জন্য এক “অস্তিত্বের সংকট” হিসেবে অভিহিত করেছেন।
এক বিবৃতিতে হুইটেকার জানান, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড এবং ম্যাকওএস/আইওএস—এই অপারেটিং সিস্টেমগুলো তাদের এআই এজেন্টদের ব্যবহারকারীর স্ক্রিনে থাকা তথ্য ‘স্ক্যান’ করার সুযোগ করে দিচ্ছে। এর ফলে সিগন্যালের পক্ষে স্বাধীনভাবে ব্যবহারকারীর গোপনীয়তার নিশ্চয়তা দেওয়া কঠিন হয়ে পড়ছে।
তিনি সতর্ক করে বলেন, “এখন এআই এজেন্টের সুবিধার নামে আপনার সংবেদনশীল তথ্য ক্যাপচার ও সংরক্ষণ করা হচ্ছে। সেই মুহূর্তে অপারেটিং সিস্টেমের এআই এজেন্ট যে লোকাল ডেটাবেজ বা রিমোট সার্ভার ব্যবহার করছে, সেখানে এই তথ্যগুলো পৌঁছে যাচ্ছে। একবার স্ক্রিন থেকে তথ্য ক্যাপচার হয়ে গেলে তা সিগন্যালের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যা একটি কথোপকথনে অংশগ্রহণকারী সবার ব্যক্তিগত গোপনীয়তাকে বিপন্ন করে তোলে।”
সিগন্যাল এর আগেই উইন্ডোজ অ্যাপে ডিফল্টভাবে স্ক্রিনশট ব্লক করে এই ঝুঁকি কমানোর চেষ্টা করেছিল। এবার অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মেও একই ধরনের বিধিনিষেধ যুক্ত করা হচ্ছে। ব্যবহারকারীরা চাইলে অ্যাপের সেটিংস থেকে স্ক্রিনশট ব্লক করার এই সুবিধাটি বন্ধ করতে পারবেন। তবে হুইটেকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেউ এটি বন্ধ না করলে তা “আমাদের গোপনীয়তার নিশ্চয়তাকে ভঙ্গ করবে”।



