টেকসিঁড়ি রিপোর্ট : মেটা-র শীর্ষ নেতৃত্বে বড় রদবদল হচ্ছে। হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট পদত্যাগ করছেন, নতুন দায়িত্বে আসছেন ভারতের ক্র্যাড (CRED)-এর প্রতিষ্ঠাতা কুনাল শাহ।
মেটার অত্যন্ত জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। দীর্ঘ ৭ বছর সফলভাবে হোয়াটসঅ্যাপের নেতৃত্ব দেওয়ার পর প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন উইল ক্যাথকার্ট। তবে তিনি মেটা ছেড়ে যাচ্ছেন না; মেটা-র ভেতরেই সম্পূর্ণ নতুন কিছু প্রোডাক্ট একদম শুরু থেকে তৈরির একটি বিশেষ দায়িত্ব নিতে যাচ্ছেন।
তাঁর জায়গায় হোয়াটসঅ্যাপের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন ভারতের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ক্র্যাড (CRED)-এর প্রতিষ্ঠাতা কুনাল শাহ। মেটা-র পক্ষ থেকে মার্ক জাকারবার্গ ফেইসবুকে এই তথ্য জানিয়েছেন।
আরো জানানো হয়, উইল ক্যাথকার্ট মেটা-র অন্যতম গুরুত্বপূর্ণ এবং কার্যকর নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বেই হোয়াটসঅ্যাপ বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছেছে। ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা (Privacy) রক্ষায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।
অন্যদিকে, হোয়াটসঅ্যাপের নতুন অভিভাবক হিসেবে যুক্ত হওয়া কুনাল শাহকে নিয়েও মেটা বেশ আশাবাদী। ভারতে ‘ক্র্যাড’ (CRED) প্রতিষ্ঠা করে তিনি নিজেকে একজন দূরদর্শী প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে প্রমাণ করেছেন। তাঁর এই ‘বিল্ডার মেন্টালিটি’ বা নতুন কিছু গড়ে তোলার মানসিকতা এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি বিশ্বের সবচেয়ে বড় মেসেজিং অ্যাপটি পরিচালনার ক্ষেত্রে দারুণ কাজে আসবে বলে মনে করছে মেটা কর্তৃপক্ষ।
২০১০ সালে উইল ক্যাথকার্ট মেটা-তে (তৎকালীন ফেসবুক) যোগ দেন এবং এর পর থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট উন্নয়নে কাজ করেছেন। এর মধ্যে ফেসবুকের ‘নিউজ ফিড’ (News Feed)-এর প্রোডাক্ট ডেভেলপমেন্টের নেতৃত্ব দেওয়া এবং নিউজ ফিড ও মোবাইলে বিজ্ঞাপন ব্যবস্থা চালু করার বিষয়টি অন্যতম।
২০১৮ সালে তিনি ফেসবুক অ্যাপের ভাইস প্রেসিডেন্ট (VP) হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি ভিডিও, গ্রুপস, মার্কেটপ্লেস, নিউজ ফিড এবং স্টোরিজসহ ফেসবুক অ্যাপের সমস্ত প্রোডাক্টের উন্নয়ন ও কৌশলগত বিষয়গুলো দেখভাল করতেন।
মেটা-তে যোগদানের পূর্বে উইল ক্যাথকার্ট গুগল (Google)-এ কর্মরত ছিলেন। সেখানে তিনি জিমেইলসহ (Gmail) গুগলের বিভিন্ন প্রোডাক্টের অ্যান্টি-স্প্যাম প্রযুক্তির প্রোডাক্ট ডেভেলপমেন্টের দায়িত্বে ছিলেন। তিনি কোলগেট ইউনিভার্সিটি (Colgate University) থেকে ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স (Mathematical Economics)-এ স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন।



