টেকসিঁড়ি রিপোর্ট : বিশ্বখ্যাত মিউজিক ও অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই তাদের অডিওবুক সেবা আরো বড় পরিসরে সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা তাদের এই সেবা ২২টি বাজার থেকে বাড়িয়ে বিশ্বজুড়ে ১৮০টিরও বেশি নতুন বাজারে বিস্তৃত করছে।
এই বৈশ্বিক বিস্তারের ফলে বিশ্বজুড়ে স্পটিফাইয়ের প্রায় ৭৫০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে অডিওবুক শোনার সুযোগ পাবেন। প্ল্যাটফর্মটিতে বর্তমানে ৩ লক্ষ ৫০ হাজারেরও বেশি শিরোনামের অডিওবুক যুক্ত রয়েছে, যা ১২০টিরও বেশি ভাষায় পাওয়া যাচ্ছে।
চলতি বছরের অক্টোবরের শুরু থেকে এই সম্প্রসারণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, যা আগামী কয়েক মাস ধরে পর্যায়ক্রমে চালু থাকবে।
ইংরেজিভিত্তিক বাজার থেকে বৈশ্বিক পদচারণা
এর আগে স্পটিফাইয়ের অডিওবুক সেবা মূলত কয়েকটি নির্দিষ্ট অঞ্চল ও ইংরেজিভাষী দেশ—যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জার্মানির মধ্যেই সীমাবদ্ধ ছিল। নতুন এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বব্যাপী বিস্তৃত ব্যবহারকারী এবং বিভিন্ন ভাষার শ্রোতাদের কাছে নিজেদের অডিওবুক নেটওয়ার্ক পৌঁছে দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
নতুন ফিচার ও সাবস্ক্রিপশন সুবিধা
উল্লেখ্য, স্পটিফাই সম্প্রতি তাদের প্ল্যাটফর্মে বইয়ের পৃষ্ঠা স্ক্যান করে অডিওর সাথে মেলানোর ‘পেজ ম্যাচ’ সহ নানা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার যুক্ত করেছে। নতুন এই আন্তর্জাতিক প্রসারের ফলে স্পটিফাই কেবল গান বা পডকাস্টের জন্য নয়, বরং বৈশ্বিক অডিওবুক বাজারেরও অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল।


