টেকসিঁড়ি রিপোর্ট : গেইমিং দুনিয়ায় ফিজিক্যাল ডিস্ক বা ক্যাসেটের দিন কি তবে ফুরিয়ে আসছে ? সম্প্রতি টেক ও গেইমিং পাড়ার বড় বড় খবরাখবর কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। সনি প্লেস্টেশনের পর এবার বিশ্বখ্যাত প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটও তাদের গেমিং কনসোল ‘এক্সবক্স’ (Xbox) থেকে ডিস্ক ড্রাইভ পুরোপুরি বাদ দেওয়ার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছে। গেম ইন্ড্রাস্ট্রি ডট বিজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফটের পরবর্তী প্রজন্মের কনসোল, যার কোডনেম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট হেলিক্স’ (Project Helix), সেটি কোনো ডিস্ক ড্রাইভ ছাড়াই বাজারে আসতে পারে।
সম্প্রতি সনি ঘোষণা করেছে যে ২০২৮ সালের জানুয়ারি থেকে তারা তাদের নতুন গেমগুলোর জন্য ফিজিক্যাল ডিস্ক তৈরি বন্ধ করে দেবে। সনির এই ঘোষণার পরপরই এক্সবক্সের এই সম্ভাব্য পদক্ষেপের কথা সামনে এলো।
তবে যাদের কাছে ইতিমধ্যে প্রচুর ফিজিক্যাল ডিস্ক বা গেমের কালেকশন রয়েছে, তাদের জন্য একটি বিশেষ ফিচার নিয়ে কাজ করছে এক্সবক্স। উইন্ডোজ সেন্ট্রাল ও দ্য ভার্জের বরাত দিয়ে জানা গেছে, এক্সবক্স এমন একটি প্রযুক্তি পরীক্ষা করছে যার মাধ্যমে গেমাররা তাদের ফিজিক্যাল গেমের ডিস্কগুলোকে ডিজিটাইজ বা ডিজিটাল সংস্করণে রূপান্তর করতে পারবেন। ফলে ডিস্ক ড্রাইভ না থাকলেও ডিজিটাল ফাইল হিসেবে সেগুলো কনসোলে খেলা যাবে।
তবে এই ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে কিছু কড়া নিয়মও থাকছে। রিপোর্টে বলা হয়েছে, গেম ডিজিটাইজ করার পর মূল ডিস্কটি যদি অন্য কারো কাছে বিক্রি বা ধার দেওয়া হয়, তবে ওই ব্যবহারকারীর ডিজিটাল সংস্করণ খেলার অধিকার বা অ্যাক্সেস স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
এছাড়া এই সুবিধাটি প্রাথমিক অবস্থায় সব গেমের জন্য পাওয়া যাবে না। নির্দিষ্ট কিছু এক্সবক্স ওয়ান এবং এক্সবক্স সিরিজ এক্স/এস গেমের ক্ষেত্রেই কেবল এই ডিজিটাইজেশন কাজ করবে। পুরনো এক্সবক্স ৩৬০-এর কিছু গেম এই তালিকার বাইরে থেকে যেতে পারে।
মূলত উৎপাদন খরচ কমাতে এবং ক্লাউড ও ডিজিটাল গেমিংকে উৎসাহিত করতে দীর্ঘদিন ধরেই কনসোল নির্মাতারা ‘ডিজিটাল-অনলি’ সংস্করণের দিকে ঝুঁকছে।
ইতিমধ্যে এক্সবক্স ও প্লেস্টেশন উভয়েরই ডিস্ক ড্রাইভ ছাড়া সংস্করণ বাজারে রয়েছে। এমনকি গেইম নির্মাতারাও এখন ফিজিক্যাল ডিস্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। যেমন—নিন্টেন্ডো গত বছর থেকেই ডাউনলোড-অনলি ‘গেম-কি কার্ড’ প্রথা চালু করেছে এবং রকস্টার গেমসের বহুল প্রতীক্ষিত ‘জিটিএ ৬’ (GTA 6) আগামী নভেম্বরে সম্পূর্ণ ডাউনলোড-অনলি টাইটেল হিসেবে বাজারে আসবে।
এক্সবক্সের এই নতুন ফিচারটি সফল হলে তা ফিজিক্যাল থেকে সম্পূর্ণ ডিজিটাল গেমিং যুগে রূপান্তরের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।


