টেকসিঁড়ি রিপোর্ট : ইলন মাস্ক টেসলার সাইবারক্যাব রোবোট্যাক্সি সেবার মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থার নীতিমালার সীমা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই বাজি কিভাবে হ্যান্ডেল করবেন সেটা এখন দেখার বিষয়।
স্টিয়ারিং হুইল, প্যাডেল বা আয়না (মিরর) ছাড়া পরিচালিত স্পোর্টি ও দুই সিটের ইলেকট্রিক গাড়িতে পেইড ট্রিপ সুবিধা শুরু করেছে কোম্পানিটি।
টেক্সাসের অস্টিনে ভক্ত এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের উম্মাদনার মাঝে, টেসলার রোবোট্যাক্সি বহরে সাইবারক্যাব যুক্ত করা হয়েছে। এর আগে তাদের জনপ্রিয় মডেল ওয়াই (Model Y) এসইউভি দিয়ে এই সেবা পরিচালিত হতো। টেসলা জানিয়েছে, সাইবারক্যাব রাইড এখন সবার জন্য উন্মুক্ত এবং এর মূল্য নির্ধারণের পরিকল্পনাও প্রকাশ করা হয়েছে।
টেক্সাসের অস্টিনের ডাউনটাউনে রোবোট্যাক্সি সেবার উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন’ (NHTSA) জানায় যে, তারা প্রায় ১,০০০টি সাইবারক্যাব যানবাহনের ওপর একটি অডিট বা নিরীক্ষা শুরু করেছে। টেসলা কীভাবে এই গাড়িগুলোকে ফেডারেল যানবাহন-নিরাপত্তা বিধিমালার সাথে সঙ্গতিপূর্ণ বলে নির্ধারণ করেছে, তা মূল্যায়ন করতেই এই পদক্ষেপ।
যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা এমন গাড়ি বাণিজ্যিক ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করে, যেগুলোতে মানুষের চালিত ঐতিহ্যবাহী যানবাহনের জন্য নির্ধারিত কয়েক দশকের পুরোনো নিরাপত্তা মানদণ্ড (যেমন: ম্যানুয়াল কন্ট্রোল বা স্টিয়ারিং-প্যাডেল) বিদ্যমান নেই।
তবে শিল্প বিশেষজ্ঞরা বলছেন, আইনের অস্পষ্ট ধারা এবং ইলন মাস্কের আইনি লড়াইয়ের রেকর্ড ব্যবহার করে টেসলা সাইবারক্যাবকে বিস্তৃতভাবে রাস্তায় নামাতে বাধ্য করতে পারে।
সোনালী রঙের প্রজাপতির মতো ডানা আকৃতির (বাটারফ্লাই-ডোর) সাইবারক্যাব মূলত মাস্কের সেই মূল কৌশলেরই অংশ—যেখানে তিনি স্বয়ংক্রিয় ড্রাইভিং সফটওয়্যার এবং রোবোটিক্সের ওপর পুরো কোম্পানির ভবিষ্যৎ বাজি ধরেছেন। এই বাজির ওপর নির্ভর করেই টেসলার স্টক ভ্যালুয়েশন ১.৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বিশ্বের শীর্ষ কয়েকটি গাড়ি প্রস্তুতকারক কোম্পানির সম্মিলিত মূল্যের চেয়েও বেশি।
যদিও নিয়ন্ত্রক সংস্থা যানবাহন-নিরাপত্তা মানদণ্ড দ্রুত পরিবর্তন করা এবং চালকহীন যানবাহনের জন্য নতুন নিয়ম তৈরির চেষ্টা করছে, তবে বিশেষজ্ঞরা বলছেন যে, ইলন মাস্কের প্রতিশ্রুত গতির চেয়ে নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম ধীরগতির হতে পারে।
পূর্ব অভিজ্ঞতা মতে, আইন বা নীতিমালার জন্য অপেক্ষা করা ইলন মাস্কের স্বভাবের মধ্যে পড়ে না। কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অধ্যাপক এবং স্বায়ত্তশাসিত যানবাহন নিরাপত্তা বিশেষজ্ঞ ফিলিপ কুপম্যান বলেছেন, “ঐতিহাসিকভাবে টেসলা সর্বদা নীতিমালার সীমাকে পরীক্ষা করেছে এবং তার বাইরে যাওয়ার চেষ্টা করেছে। আমি পুরোপুরি আশা করি যে টেসলা এবারও সেই সীমা পরীক্ষা করবে।”
কুপম্যান আরও যোগ করেন, মাস্ক আইন বা রেগুলেশনের এক ধরণের “সৃজনশীল ব্যাখ্যা” (Creative Interpretation) নিয়ে আসতে পারেন এবং বলতে পারেন যে সাইবারক্যাব ফেডারেল মানদণ্ড মেনেই তৈরি এবং সেগুলোকে বাজারে নামিয়ে দিতে পারেন। রাজ্য নিয়ন্ত্রকদের এটি সমাধান করতে বছর লেগে যেতে পারে। আর সেই সুযোগে টেসলা সাধারণ রাস্তার ওপর তাদের গাড়ি পরিচালনা চালিয়ে যেতে পারবে।”
এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে টেসলা কোনো সাড়া দেয়নি।
প্রথাগত কন্ট্রোল ছাড়া সেই যান
টেসলা এ বছরের এপ্রিলে সাইবারক্যাব তৈরি করা শুরু করে এবং মাস্ক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এ বছরের শেষ দিকে বা আগামী বছর এর উৎপাদন “জ্যামিতিক হারে” বৃদ্ধি পাবে। ২০২৪ সালে গাড়িটি উন্মোচনের সময় মাস্ক বলেছিলেন, তারা এগুলো ৩০,০০০ ডলারেরও কম দামে বিক্রি করবেন।
এরই মধ্যে টেসলা টেক্সাস এবং ফ্লোরিডায় মডেল ওয়াই দিয়ে সীমিত পরিসরে টাকার বিনিময়ে রোবোট্যাক্সি সেবা চালু করে। মডেল ওয়াই রোবোট্যাক্সি স্বয়ংক্রিয়ভাবে চলে, তবে ফেডারেল নিরাপত্তা মানদণ্ড মেনে এতে ম্যানুয়াল কন্ট্রোল এবং কিছু ক্ষেত্রে জরুরি ব্যাকআপ ড্রাইভার থাকে।
টেসলার গাড়িগুলো কতটা নিরাপদে স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম এই নিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। টেসলা অবশ্য দাবি করেছে যে তাদের ফুল সেলফ-ড্রাইভিং সফটওয়্যার—যার একটি সংস্করণ সাইবারক্যাবে চলে—তা মানব চালকদের তুলনায় ১০ গুণ বেশি নিরাপদ। অস্টিনে তাদের এই সেবা এখন পর্যন্ত কোনো প্রাণঘাতী দুর্ঘটনা ছাড়াই পরিচালিত হয়েছে।
তবে দক্ষিণ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের ব্রায়ান্ট ওয়াকার স্মিথ বলছেন, “প্রথাগত নিয়ন্ত্রণ ব্যবস্থা (যেমন স্টিয়ারিং বা প্যাডেল) ছাড়া কোনো গাড়িতে স্বয়ংক্রিয় ড্রাইভিং সিস্টেম নিরাপদে এবং নির্ভরযোগ্যভাবে চালানোর সক্ষমতা টেসলার আছে—এমন কোনো পাবলিক তথ্য আমাদের কাছে নেই।”
সাধারণত নির্মাতা সংস্থা নীতিমালার বাইরে গিয়ে কোনো গাড়ি তৈরি করলে একটি নির্দিষ্ট সীমার মধ্যে তা ব্যবহারের অনুমতি পায়। তবে টেসলার ইঞ্জিনিয়ারিং প্রধান লার্স মোরাভি চলতি বছরের শুরুর দিকে সোশ্যাল মিডিয়া এক্স -এ জানিয়েছিলেন, সাইবারক্যাব এই সীমার আওতায় থাকবে না।
যদিও তিনি বিস্তারিত প্রকাশ করেননি। অতীত অভিজ্ঞতা থেকে নিয়ন্ত্রক সংস্থা আগেই বলেছিল যে টেসলা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আবেদনও করেনি।
নিয়ন্ত্রক সংস্থা এবং টেসলার মধ্যকার এই মতবিরোধ বা আইনি লড়াই আদালত পর্যন্ত গড়ায় কি না, সেটাই এখন দেখার বিষয়। সংস্থার সাবেক তিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন যে, টেসলার সেলফ-সার্টিফিকেশন নিয়ে আইনি লড়াই হলেও নিয়ন্ত্রক সংস্থা সবসময় যে জিতেছে তা কিন্তু নয়।



