টেকসিঁড়ি রিপোর্ট : চীনের প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে নতুন ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন ‘মেট এক্সটি২’ ( Mate XT2 ) উন্মোচন করেছে টেক জায়ান্ট হুয়াওয়ে।
শাওমি এবং অ্যাপলের মতো প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলোর নতুন পণ্য আনার ঘোষণার পরপরই হুয়াওয়ে তাদের এই ফোনটি বাজারে আনলো।
‘মেট এক্সটি২’ (Mate XT2) -এর মূল বৈশিষ্ট্য ও প্রযুক্তি
ডাবল-ফোল্ডিং ডিসপ্লে: ফোনটি দুইবার ভাঁজ খোলা যায় (Tri-fold), যা পুরোপুরি খুললে একটি ট্যাবলেটের আকারের স্ক্রিনে রূপ নেয়।
কিরিন ৯০৫০ প্রো চিপসেট: ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে হুয়াওয়ের নিজস্ব Kirin 9050 Pro চিপ। কোম্পানিটি জানায়, এই চিপের বিশেষ ডিজাইনের কারণে এটি কম বিদ্যুৎ খরচ করে আগের চেয়ে ৪২% বেশি কর্মক্ষমতা (Performance) দেবে। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক উন্নত প্রযুক্তি ব্যবহারে বিধিনিষেধ থাকা সত্ত্বেও এই চিপ হুয়াওয়ের জন্য বড় একটি সাফল্য।
উন্নত প্রযুক্তি ও প্রাইভেসি: নতুন এই সংস্করণে হিঞ্জ (Hinge) মেকানিজম রি-ডিজাইন করা হয়েছে এবং ওয়াটার রেজিস্ট্যান্স বা পানি প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হয়েছে। পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে বিশেষ স্ক্রিন প্রযুক্তি, যা পাশে থাকা অন্য কোনো ব্যক্তিকে স্ক্রিনের কনটেন্ট দেখতে বাধা দেয়।
মেমোরির খরচ বেড়ে যাওয়া এবং নতুন প্রযুক্তির কারণে ফোনের নির্মাণ খরচ বৃদ্ধি পেয়েছে বলে জানান হুয়াওয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর রিচার্ড ইউ।
শুরুর দাম নির্ধারন হয়েছে ১৯,৯৯৯ ইউয়ান (প্রায় ২,৯৮০ মার্কিন ডলার) এবং সর্বোচ্চ দাম ২৪,৯৯৯ ইউয়ান। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এর বিক্রি শুরু হবে।
বাজার প্রতিযোগিতা ও শেয়ার
চীনের বাজার: আইডিসি-র দ্বিতীয় ত্রৈমাসিকের তথ্য অনুযায়ী, চীন জুড়ে স্মার্টফোন বাজারে ২২.৬% শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে হুয়াওয়ে। এর পেছনে রয়েছে অ্যাপল (১৮.১%) এবং শাওমি (১২.৪%)।
ফোল্ডেবল মার্কেট: ফোল্ডেবল ক্যাটাগরিতে হুয়াওয়ের একচ্ছত্র আধিপত্য বজায় রয়েছে। চীনে মোট ফোল্ডেবল ফোনের ৬৮% শিপমেন্ট তাদের দখলে।
এদিকে একই সময়ে শাওমি তাদের নতুন ফোল্ডেবল ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে এবং অ্যাপলও চলতি সপ্তাহে তাদের নতুন আইফোন সিরিজ উন্মোচন করতে যাচ্ছে।



